× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৮:২৫ পিএম

প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের।

ব্যাটিংয়ে প্রথমবারের মতো শীর্ষ ২০-এ উঠেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৯ বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা অবস্থানে শান্ত। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে অবশ্য তাকে ব্যাট করতে হয়নি। এই পারফরম্যান্সের পর ৯ ধাপ এগিয়ে শান্ত এখন আছেন ২০ নম্বরে। ৬৫৯ রেটিং পয়েন্ট নিয়ে এটিই তার ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং।

ডারউইন টেস্টে দুই ইনিংসে ৪৯ ও অপরাজিত ৩০ রান করা মুমিনুল হক পাঁচ ধাপ এগিয়ে উঠেছেন ৩১তম স্থানে। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেওয়া তানজিদ হাসান পেয়েছেন আরও বড় উত্থান। এক লাফে ৮৪ ধাপ এগিয়ে মাত্র দুই টেস্টের ক্যারিয়ারে ৮৮তম স্থানে উঠে এসেছেন এই তরুণ ব্যাটসম্যান। সাদমান ইসলাম তিন ধাপ এগিয়ে এখন ৫৮তম। ২০ ও অপরাজিত ২৫ রানের দুটি কার্যকর ইনিংস খেলেছেন তিনি।

৬৫ রানের ইনিংস খেলে মেহেদী হাসান মিরাজও এগিয়েছেন পাঁচ ধাপ। তার অবস্থান এখন সাদমানের ঠিক পরেই।

অন্যদিকে ডারউইন টেস্টে একমাত্র ইনিংসে শূন্য রানে আউট হওয়া লিটন দাস পাঁচ ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমেছেন।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে ভালো অবস্থানে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্টে একমাত্র ইনিংসে ৩৬ রান করেন তিনি। তাতেও ১৮তম স্থান ধরে রেখেছেন ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান।


বাংলাদেশের সাফল্যের বিপরীতে র‌্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন ট্রাভিস হেড। এর ফলে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন তিনি। এক ধাক্কায় এক নম্বর থেকে চার নম্বরে নেমে গেছেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটসম্যান।

এ ছাড়া বোলিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবচেয়ে বড় চমক হাসান মাহমুদ। ডারউইন টেস্টে ৯ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক হয়েছেন তিনি। এই পারফরম্যান্সের পর একসঙ্গে ২৬ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন হাসান। ৫০৩ রেটিং পয়েন্ট নিয়ে এটিও তার ক্যারিয়ারের সেরা রেটিং।

দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ তিন ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন। ম্যাচে মাত্র একটি উইকেট পেলেও তাইজুল ইসলাম ১১তম স্থান ধরে রেখেছেন- বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই এখন সবচেয়ে ওপরে।

তিন উইকেট নিয়ে তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ৪৯তম স্থানে উঠেছেন। আর সিরিজে না থাকা নাহিদ রানা এক ধাপ পিছিয়ে ৬০তম স্থানে নেমেছেন।

ব্যাটিং ও বোলিংয়ে উন্নতির পাশাপাশি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও নিজের জায়গা ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ। ৩২০ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন তিনি। মিরাজের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে থাকা মিচেল স্টার্ক নেমে গেছেন চতুর্থ স্থানে। ৪৪৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা