অভিযোগ করেছেন তাকে অবমুক্ত করার চিঠির সাক্ষরটি বাহফে সাধারণ সম্পাদক ইসতিয়াক সাদেকের নয়!
বাংলাদেশ হকি ফেডারেশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন কোচ মশিউর রহমান বিপ্লব। ছবি : মশিউর রহমান বিপ্লবের ফেসবুক থেকে
বোমা ফাটালেন বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক ও কোচ মশিউর রহমান বিপ্লব। তিনি দৈনিক প্রতিদিনের বাংলাদেশের কাছে অভিযোগ করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) বর্তমান কমিটির নীতি নির্ধারকদের দ্বারা অন্যায়ের শিকার হয়েছেন।
আগামী ১৮ সেপ্টেম্বর জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পর্দা
উঠবে এশিয়ান গেমস হকির, যা চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এতে অংশ নেবে বাংলাদেশ। এবারের
এশিয়ান গেমসটি আগামী লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮-এর মহাদেশীয় বাছাইপর্ব হিসেবে বিবেচনা
করা হবে। তাই প্রতিটি দলের জন্যই এখানে বাড়তি এক সমীকরণ কাজ করবে। জিতলেই মিলবে অলিম্পিকের
টিকেট। এই আসরকে কেন্দ্র করে ইতোমধ্যেই লাল-সবুজ বাহিনীর অনুশীলন শুরু হয়ে গেছে। ২৪
জনের স্কোয়াডও চূড়ান্ত হয়ে গেছে।
গত জুলাইয়ে বিপ্লবের অধীনেই ক্যাম্প শুরু হয়েছিল। ১ আগস্ট জার্মানির পিটার
গেরহার্ড হেড কোচ নিযুক্ত হলেও তখনও দলের সঙ্গে ছিলেন বিপ্লব। কিন্তু গত ১৬ আগস্ট হঠাৎ
তাকে তার সাবেক কর্মস্থল বিকেএসপিতে ফেরার নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে হকি অঙ্গনে প্রশ্ন
উঠেছে- যেখানে সম্প্রতি ক্রীড়া প্রতিমন্ত্রী স্থানীয় কোচদের ধরে রাখার ব্যাপারে গুরুত্ব
আরোপ করেছেন, সেখানে তার পরদিনই এমন সিদ্ধান্ত কেন বাহফের?
২০১৪ সাল থেকে বিকেএসপির হকি কোচ হিসেবে আছেন মশিউর রহমান বিপ্লব। ছবি : মশিউর রহমান বিপ্লবের ফেসবুক থেকে
প্রতিদিনের বাংলাদেশকে ৪০ বছর বয়সী বিপ্লব সেই চিঠিটি পাঠিয়েছেন, যেটি
বাহফে তাকে দিয়েছে। সেখানে বাহফে তার প্রশংসাই করেছে ‘অসামান্য মেধা, নিষ্ঠা ও অক্লান্ত
পরিশ্রম’ … এই শব্দচয়নের
মাধ্যমে। সেই সঙ্গে তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশও করেছে।
তারপরই বাহফে লিখেছে, ‘আমাদের জাতীয় ও জাতীয় যুব হকি দলের সার্বিক সমন্বয়ের
জন্য নতুন বিদেশী প্রধান কোচ নিয়োগ দেওয়া হয়েছে এবং তাঁর কৌশলগত দিকনির্দেশনায়
বর্তমানে প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। নতুন এই কোচিং কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে এবং
দলীয় ব্যবস্থাপনার সিদ্ধান্ত অনুযায়ী, আপনাকে ১৬/০৮/২০২৬ইং তারিখ থেকে জাতীয় দলের
কোচিং দায়িত্ব থেকে অবমুক্ত করে আপনার নিজ কর্মস্থল বিকেএসপিতে পুনর্বহালের জন্য ছাড়পত্র
প্রদান করা হলো।’
চিঠিতে বাহফের সাধারণ সম্পাদক ইসতিয়াক সাদেকের সাক্ষর থাকলেও এ নিয়ে চাঞ্চল্যকর
তথ্য দিয়েছেন বিপ্লব, ‘চিঠির নিচে ইসতিয়াক ভাইয়ের নাম ব্যবহার করা এবং টিক দিয়ে অন্য
কেউ সিগনেচার করেছে।’
ইসতিয়াক সাদেকের মোবাইলে কল করা হলেও তিনি তা রিসিভ না করায় এ ব্যাপারে
তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিপ্লব আরও জানান, গত কমিটির সময় তার নিয়োগ হয়েছিল জাতীয় দলের কোচ
হিসেবে এশিয়ান গেমসের জন্য, হেড কোচ হিসেবে। বিদেশী কোচ আসার আগে তিনি দেড় মাস জাতীয়
দলের কোচ হিসেবে কাজ করেন।
প্রশ্ন ছুঁড়ে দেন বিপ্লব এই বলে, ‘অন্যান্য ক্রিকেট এবং ফুটবল টিমের বিদেশী
কোচের সঙ্গেও দেশি কোচ কাজ করে থাকে। তাহলে আমার ক্ষেত্রে বাহফের নতুন কমিটির নীতি-নির্ধারকরা
কেন এই পদক্ষেপ নিল?
বিপ্লব আরও বলেন, ‘আমাকে যদি রাখতে নাই চাইতো, তাহলে নতুন কমিটি আসার
সঙ্গে সঙ্গেই ১৮ই জুলাইয়ের পরে আমাকে টিম থেকে অব্যাহতি দেওয়া হলো না? এতদিন ঝুলিয়ে
রাখার পর এখন কেন এই কাজটা করল?’
বিপ্লব ক্লাব পর্যায়ে খেলেছেন আবাহনী, মোহামেডান ও সোনালী ব্যাংকে। খেলেছেন মালয়েশিয়া, জার্মানি ও অস্ট্রিয়ার লিগে। ছবি : বিপ্লবের ফেসবুক থেকে
হতাশার সুরে বিপ্লব বলেন, ‘অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে বিদেশী কোচ এবং দেশি
কোচ গত কমিটির সময়ে নিয়োগ হয়েছে। এবং নারী টিমের ক্ষেত্রেও এশিয়ান গেমসের জন্য এবং
অ-২১ দলের জন্য দেশি কোচ আছে বিদেশী কোচের সঙ্গে। তাদের কাজে বহাল রেখেছে, তাহলে বাংলাদেশের
জাতীয় দলের পুরুষ দলের হিসেবে আমাকে কেন অব্যাহতি দেওয়া হলো?’
সবশেষে বিপ্লব বলেন, ‘ক্রীড়াঙ্গনে আর কতদিন এরকম পলিটিক্স থাকবে? আমার
সঙ্গে এটা অন্যায় করেছে বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান কমিটির নীত নির্ধারকরা।’
উল্লেখ্য, বিপ্লব জাতীয় দলে খেলেছেন ২০০৪-২০১৪ সাল পর্যন্ত। ছিলেন দলের অধিনায়ক। ২০০৪-২০১৬ সাল
পর্যন্ত ক্লাব পর্যায়ে খেলেছেন আবাহনী, মোহামেডান ও সোনালী ব্যাংকে। ২০০৯-২০১৩ সাল
পর্যন্ত খেলেছেন মালয়েশিয়া, জার্মানি ও অস্ট্রিয়ার লিগে। ২০১১ থেকে অদ্যাবধি কোচ
হিসেবে কাজ করেছেন জাতীয় দল, জার্মানির লুডভিগসবার্গ হকি ক্লাব, আবাহনী, অস্ট্রিয়ার
মোডলিং হকি ক্লাব (পুরুষ ও নারী),জার্মানির অনূর্ধ্ব-১৮ ইএসভি মিউনিখ হকি ক্লাব, জার্মানির
অনূর্ধ্ব-১৬ নারী রট-ভয়েস মিউনিখ হকি ক্লাব ও বিকেএসপি দলে। শেষের দলে কাজ করছেন ২০১৪
সাল থেকে।
হকি কোচিং কোর্সও তার অনেক সমৃদ্ধ।মালয়েশিয়া ও ভারত থেকে করেছেন লেভেল-১,
লেভেল-২, ইনডোর কোচিং কোর্স, ডিফ্লোমা ইন স্পোর্টস কোচিং (প্রথম শ্রেণি)।
আরকে/প্রবা