× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরও বড় স্বপ্ন মিরাজের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ০৯:৫০ এএম

মেহেদী হাসান মিরাজ অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন। ছবি: আউটলুক ইন্ডিয়া

মেহেদী হাসান মিরাজ অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন। ছবি: আউটলুক ইন্ডিয়া

প্রতিটি বড় অর্জনের শুরু হয় একটি স্বপ্ন থেকে। তাইতো স্বপ্ন দেখলে বড় করেই দেখতে হয়। মেহেদী হাসান মিরাজের স্বপ্নটাও তাই বেশ বড়। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ডারউইন টেস্টে দুর্দান্ত জয়ের পর সেই স্বপ্ন আরও বাস্তব হয়ে উঠেছে। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। এখন সামনে শুধু আরেকটি জয়। সেটি এলেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ। 

ডারউইন টেস্টের চতুর্থ দিনেই স্বাগতিকদের হারিয়ে দেয় বাংলাদেশ। ম্যাচে ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের প্রথম ইনিংসে টেলএন্ডারদের সঙ্গে লড়াই করে গুরুত্বপূর্ণ ফিফটি করেন এই অলরাউন্ডার। পরে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল হাতে ছিলেন আরও ভয়ংকর। একাই নেন ৫ উইকেট। তার অলরাউন্ড পারফরম্যান্সের সঙ্গে তানজিদ হাসানের সেঞ্চুরি এবং হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং মিলিয়ে বড় জয় পায় বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান পেসার হাসান মাহমুদ। প্রথম টেস্ট জয়ের পর গতকাল সোমবার আইসিসির ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সিরিজ জয়ের প্রত্যাশার কথা জানিয়েছেন মিরাজ। তার কাছে এখন দলের সবচেয়ে বড় লক্ষ্য নিজেদের প্রক্রিয়ায় অটুট থাকা। মিরাজ বলেন, ‘অবশ্যই আমরা সেভাবেই (সিরিজ জয়) ভাবছি এবং আমরা যে প্রক্রিয়ায় এগোচ্ছি, সেটিতেই মনোযোগ ধরে রাখতে চাই।’ প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় টেস্টকে সহজভাবে নিচ্ছেন না মিরাজ। তার মতে, সিরিজের পরের ম্যাচ হবে আরও বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘যেহেতু আমরা প্রথম ম্যাচ জিতেছি, এখন সামনে আরও বড় চ্যালেঞ্জ। টেস্ট ম্যাচ জেতা কখনোই সহজ নয়। এ মুহূর্তে আমরা শুধু ছন্দের ধারাটা ধরে রাখতে চাই, আর পরের ম্যাচ নিয়ে আমরা পরিকল্পনা করব পরে।’ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী শনিবার ম্যাকাইয়ে। এই ম্যাচের গুরুত্ব শুধু সিরিজের ফলাফলের জন্য নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিক থেকেও অনেক বেশি। ম্যাকাইয়ে জিততে পারলে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসবে বাংলাদেশ। ফলে ঐতিহাসিক সিরিজ জয়ের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনাও আরও উজ্জ্বল হবে নাজমুল হোসেন শান্তর দলের।

অস্ট্রেলিয়া সফরের শুরু অবশ্য বাংলাদেশের জন্য মোটেও স্বস্তিদায়ক ছিল না। ডারউইন টেস্টের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে হেরেছিল বাংলাদেশ। এমন পরাজয়ের পর অনেকের মনেই প্রশ্ন উঠেছিল, অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে বাংলাদেশ আদৌ কতটা লড়াই করতে পারবে। কিন্তু টিম ম্যানেজমেন্ট ক্রিকেটারদের সামর্থ্যের ওপর বিশ্বাস হারায়নি। সেই বিশ্বাসই শেষ পর্যন্ত মাঠে প্রতিফলিত হয়েছে।

মিরাজ জানিয়েছেন, প্রস্তুতি ম্যাচের সময় তিনি নিজেও ছন্দে ছিলেন না। তখন দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল তাকে মানসিকভাবে উৎসাহ দিয়েছেন। এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, সে বিষয়ে নাফিসের সঙ্গে অনেক কথা হয়েছে তার। এমনকি নেটে মিরাজকে বলও করেছেন নাফিস। এতে মানসিকভাবে স্বস্তি পেয়েছিলেন তিনি। বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের অবদানও আলাদাভাবে উল্লেখ করেছেন মিরাজ। প্রস্তুতি ম্যাচে হারের পর দলের প্রত্যেক ক্রিকেটারের কাছে গিয়ে বিশ্বাস রাখার কথা বলেছিলেন মুশতাক। তার বার্তা ছিল, বিশ্বাস থাকলে জয় সম্ভব। সেই বিশ্বাসই ধীরে ধীরে পুরো দলের মধ্যে ছড়িয়ে পড়ে বলে মনে করেন মিরাজ। ডারউইনের জয় তাই শুধু একটি ম্যাচের জয় নয়, এটি বাংলাদেশের আত্মবিশ্বাসেরও বড় প্রমাণ। প্রস্তুতি ম্যাচের হতাশা পেছনে ফেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। এখন সামনে শেষ পরীক্ষা ম্যাকাইয়ে। সেখানে জয় এলেই অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের ঐতিহাসিক স্বপ্ন পূরণ হবে। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও আরও শক্ত অবস্থানে পৌঁছে যাবে বাংলাদেশ। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা