× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর কণ্ঠে এবার অবসরের স্পষ্ট সুর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৮:০৬ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: বিবিসি

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: বিবিসি

ফুটবল মাঠে তার দৌড় থামেনি, গোলের ক্ষুধাও ফুরোয়নি। বয়স ৪১ পেরিয়েও ক্রিশ্চিয়ানো রোনালদো ছুটছেন আগের মতোই। কিন্তু এবার তার নিজের কণ্ঠেই শোনা গেল বিদায়ের সুর। ফুটবল ক্যারিয়ারের শেষ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। জানালেন, চলতি মৌসুমই হতে পারে ফুটবলার হিসেবে তার শেষ বছর।

‘ভোগ’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি চাই, অসাধারণ একটি উত্তরাধিকার রেখে যেতে।’ সংক্ষিপ্ত এই কথাতেই যেন দীর্ঘ ক্যারিয়ারের শেষ অধ্যায়ের দরজা খানিকটা খুলে দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী।

রোনালদোর সঙ্গে সৌদি ক্লাব আল নাসরের বর্তমান চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত। অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অবসর নিতে পারেন তিনি। এর আগে অবশ্য একাধিকবার অবসরের সম্ভাবনার কথা বলেছেন রোনালদো। গত বছরের নভেম্বরে জানিয়েছিলেন, আরও এক বা দুই বছর খেলতে পারেন। তবে এবারই প্রথম নিজের বিদায়ের সম্ভাব্য সময়ের ব্যাপারে এতটা পরিষ্কার ইঙ্গিত দিলেন তিনি।

২০২৬ বিশ্বকাপ নিয়েও আগেই নিজের অবস্থান জানিয়েছিলেন রোনালদো। বলেছিলেন, এটিই হবে তার শেষ বিশ্বকাপ। পর্তুগালের হয়ে বিশ্বকাপে তিন গোল করলেও শেষ পর্যন্ত শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিদায় নেয় তার দল। সেই সময়ও অবসরের সঠিক সময় জানাননি তিনি। এবার অবশ্য তার কথায় সেই অপেক্ষার অবসানের আভাস মিলছে।

মাঠের বাইরের জীবন নিয়েও ইতোমধ্যে ভাবতে শুরু করেছেন রোনালদো। ফুটবল থেকে সরে গেলে পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান। ভ্রমণ, প্যাডেল খেলা এবং পছন্দের নানা কাজে নিজেকে ব্যস্ত রাখার পরিকল্পনাও করেছেন। তার ভাষায়, ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হবে। সেই শূন্যতা নানা কাজে পূরণ করতে চান তিনি।

যে মানুষটির জীবনের প্রায় দুই দশক কেটেছে গোল, রেকর্ড আর শিরোপার আলোয়, তার কাছে মাঠ ছেড়ে যাওয়া যে সহজ হবে না, সেটিও স্বীকার করেছেন রোনালদো। তবে দীর্ঘ ক্যারিয়ারে যে ত্যাগ স্বীকার করেছেন, এখন সেই অর্জন উপভোগ করার সময়ও চান তিনি।

স্পোর্টিং সিপি থেকে শুরু হয়েছিল যে যাত্রা, সেটি রোনালদোকে নিয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ইউরোপের সেরা ক্লাবগুলোর মঞ্চে। ২০২৩ সালের জানুয়ারি থেকে তিনি আল নাসরের জার্সিতে। এর মধ্যে রিয়াল মাদ্রিদে কেটেছে তার ক্যারিয়ারের সবচেয়ে সফল ৯ বছর। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করে হয়েছেন রিয়ালের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা