লর্ডসে রুদ্ধশ্বাস ফাইনালে ট্রেন্ট রকেটসকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ‘দ্য হান্ড্রেড’-এর শিরোপা জিতেছে ম্যানচেস্টার সুপার জায়ান্টস। ছবি: রয়টার্স
লর্ডসে রুদ্ধশ্বাস ফাইনালে ট্রেন্ট রকেটসকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ‘দ্য হান্ড্রেড’-এর শিরোপা জিতেছে ম্যানচেস্টার সুপার জায়ান্টস। ১৫৯ রানের লক্ষ্য তারা পৌঁছে যায় ৯৮ বলেই, হাতে থাকে ৫ উইকেট।
ম্যানচেস্টারের জয়ের ভিত গড়ে দেন নিউজিল্যান্ডের টিম সাইফার্ট। মাত্র ৩৮ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ৪টি চার। সাইফার্টের বিধ্বংসী ব্যাটিংয়ে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ম্যানচেস্টার।
তবে শেষ দিকে নাটক জমে ওঠে। জয়ের জন্য শেষ ৯ বলে ম্যানচেস্টারের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। এরপর মোহাম্মদ আমির হেনরিখ ক্লাসেন ও মাইকেল ব্রেসওয়েলকে ফিরিয়ে দেন। বেন স্যান্ডারসন করেন টানা দুটি ডট বল। ফলে সমীকরণ দাঁড়ায় ৩ বলে ৩ রান।
চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করেন লিয়াম ডসন। স্যান্ডারসনের বলে মিড-উইকেটের ওপর দিয়ে ছক্কা মেরে দুই বল হাতে রেখেই দলকে শিরোপা এনে দেন ইংলিশ এই অলরাউন্ডার।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ট্রেন্ট রকেটস ১০০ বলে ৮ উইকেটে ১৫৮ রান করে। অ্যানিউরিন ডোনাল্ড ১৯ বলে ৩৮ এবং লুইস গ্রেগরি ১৬ বলে ৩২ রান করেন। মিচেল স্যান্টনার করেন ২০ রান। ম্যানচেস্টারের হয়ে আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ ৩৩ রানে নেন ৩ উইকেট।
রান তাড়ায় সাইফার্টের পাশাপাশি জস বাটলার ১৪ বলে ২৩ রান করেন। শেষ দিকে ডসনের ছক্কায় নিশ্চিত হয় ম্যানচেস্টারের ঐতিহাসিক জয়।
এবারই প্রথম ‘দ্য হান্ড্রেড’-এর পুরুষ বিভাগে শিরোপা জিতল ম্যানচেস্টার সুপার জায়ান্টস। দলটি এর আগে ‘ম্যানচেস্টার অরিজিনালস’ নামে খেলেছে এবং দুবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। এবার সেই অপেক্ষার অবসান হলো লর্ডসে।
সোর্স: বিবিসি স্পোর্টস