প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২০:৫২ পিএম
পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে রবিবার বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নবনিযুক্ত অ্যাডহক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: প্রতিমন্ত্রীর ফেসবুক থেকে
ক্রীড়াঙ্গনে দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে দেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে প্রায় ১ হাজার ২৪৪ কোটি টাকার ‘সিড মানি’ অনুমোদনের কথা জানিয়েছেন তিনি।
পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে রবিবার বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নবনিযুক্ত অ্যাডহক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আমিনুল জানান, অনুমোদিত সিড মানি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ফেডারেশনগুলোর মধ্যে সুষমভাবে বণ্টন করা হবে। এই তহবিল থেকে অর্জিত বার্ষিক লভ্যাংশের ৭৫ শতাংশ সরাসরি ফেডারেশনগুলোকে দেওয়া হবে। সেই অর্থ দিয়ে ফেডারেশনগুলো তাদের নিয়মিত কার্যক্রম, খেলোয়াড়দের কল্যাণ ও বিভিন্ন ক্রীড়া আয়োজন পরিচালনা করতে পারবে। বাকি ২৫ শতাংশ মূল তহবিলে পুনর্বিনিয়োগ করা হবে, যাতে ভবিষ্যতে ক্রীড়া খাতের জন্য একটি টেকসই আর্থিক কাঠামো গড়ে ওঠে।
ক্রীড়াঙ্গনে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট করে প্রতিমন্ত্রী বলেন, “অপরাধ করে পার পাওয়ার সুযোগ আর থাকবে না”।
বিগত ১৭ বছরে বিভিন্ন ফেডারেশনে ঘটে যাওয়া দুর্নীতি ও অনিয়ম সরকারের নজরে এসেছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সেগুলো তদন্ত করছে বলেও জানান তিনি।