অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর উল্লাসে মেতে ওঠেন বাংলাদেশ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা ছবি: বিসিবি
অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা স্টেডিয়াম, চার দিন আগেও যে ভেন্যুর সঙ্গে অধিকাংশ বাংলাদেশি ক্রিকেটপ্রেমীর তেমন পরিচয় ছিল না, সেই ডারউইনই এখন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতে ৯ উইকেটের দাপুটে জয়ে নতুন ইতিহাস গড়েছে টাইগাররা। আর এই ঐতিহাসিক সাফল্যের পেছনে ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পুরো দলের সম্মিলিত পারফরম্যান্স। এক নজরে দেখে নেওয়া যাক, কে কেমন খেললেন এই ঐতিহাসিক টেস্টে।
সাদমান ইসলাম
প্রথম ইনিংসে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। মিচেল স্টার্কের
বলে এজ হয়ে ফিরতে হয় তাকে। তবে দ্বিতীয় ইনিংসে ছিলেন অনেক বেশি আত্মবিশ্বাসী। দারুণ
ধৈর্যের সঙ্গে অপরাজিত থেকে ম্যাচ শেষে উড়িয়েছেন বিজয়ের পতাকা।
তানজিদ হাসান তামিম
ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম
ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি। তার ইনিংসই বাংলাদেশের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। কঠিন
কন্ডিশনে এমন ব্যাটিং প্রমাণ করে, ভবিষ্যতে তামিম থেকে অনেক কিছু পাওয়ার আছে বাংলাদেশের।
মুমিনুল হক
বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য টেস্ট ব্যাটারদের একজন। নতুন বল সামলানোর
দক্ষতার পরিচয় আবারও দিয়েছেন। প্রথম ইনিংসে সাদমানের বিদায়ের পর তামিমকে নিয়ে ১০২
রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। দ্বিতীয় ইনিংসে তার দুর্দান্ত
কাট শটেই আসে জয়সূচক রান।
নাজমুল হোসেন শান্ত
বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার শান্ত। এ
টেস্টে ব্যাট হাতে ৮৪ রানের ইনিংস যেমন গুরুত্বপূর্ণ ছিল, তার চেয়েও বেশি প্রশংসার
দাবি রাখে অধিনায়কত্ব। বোলিং পরিবর্তন, ফিল্ড সেটিং এবং ম্যাচের পরিস্থিতি বুঝে নেওয়া
সিদ্ধান্তগুলো ছিল অসাধারণ। প্রায় প্রতিটি পরিবর্তন থেকেই এসেছে সাফল্য।
মুশফিকুর রহিম
অভিজ্ঞতার ছাপ রেখেছেন পুরো ম্যাচজুড়েই। শান্তর সঙ্গে ৬৬ রানের মূল্যবান
জুটি গড়ে বাংলাদেশের ইনিংসকে স্থিতিশীল করেন। বড় রান না পেলেও তার উপস্থিতি দলের
জন্য ছিল গুরুত্বপূর্ণ।
লিটন কুমার দাস
লিটনের একটা অদ্ভুত সমস্যা হচ্ছে দল যখন ভালো অবস্থানে থাকে তখন
তিনি রান পান না। আর দলের বিপদে ত্রাণকর্তা হয়ে দাঁড়ান। এই টেস্টে লিটন রান না করলেও
উইকেটের পেছনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অধিনায়ক না হয়েও স্টাম্পের পেছন থেকে বোলারদের
দিকনির্দেশনা দেওয়া, ফিল্ডিং পজিশন চেঞ্জ সবই করেছেন লিটন, তার পরামর্শে শান্ত বোলিংয়ে
পরিবর্তন এনে সফলও হয়েছেন।
মেহেদী হাসান মিরাজ
অস্ট্রেলিয়ার মাটিতে এই টেস্টে সম্ভবত দুই স্পিনার নিয়ে খেলার কথা
ছিল না বাংলাদেশের। আর যদি এক স্পিনার বাদ পড়ত সেটা হতো মিরাজই। তবে সুযোগ পেয়ে নিজের
জাত চেনালেন মিরাজ। টেইলএন্ডারের সাথে নিয়ে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন। অধৈর্য
বানিয়েছেন স্টার্ক, কামিন্স, হ্যাজলউডের মতো বিশ্বমানের বোলারদের। তার গুরুত্বপূর্ণ ৬৫ রানে ভর করেই বাংলাদেশ শেষ পর্যন্ত ২২৮ রানের লিড পায়। দ্বিতীয়
ইনিংসে ফাইফার নিয়ে তিনি জানান দিলেন, তিনি টেস্টের তিন নম্বর অলরাউন্ডার।
তাইজুল ইসলাম
অস্ট্রেলিয়ার এমন কন্ডিশনে প্রথম দু-তিন দিন স্পিনারদের জন্য আসলে
কিছু থাকে না। তাই প্রথম ইনিংসে তাইজুলকে সেভাবে ব্যবহার করেননি ক্যাপ্টেন শান্ত। তবে
ব্যাটিংয়ে তার ১৭ রানের ইনিংস দলের লিড বাড়াতে সাহায্য করেছে। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে
ল্যাবুশেনের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি স্টাম্প করিডোরে বল করে অস্ট্রেলিয়ান
ব্যাটারদের চাপে রেখেছেন তিনি।
তাসকিন আহমেদ
এই টেস্টে সবচেয়ে সফল বোলার হাসান হলেও পেসারদের নেতৃত্বে কিন্তু
ছিলেন তাসকিনই। প্রথম ইনিংসে নতুন বল হাতে নিয়ে শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটারদের
চাপে রেখেছেন। দুই ইনিংসেই গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে অস্ট্রেলিয়াকে বড় পার্টনারশিপ
গড়া থেকে বঞ্চিত করেছেন।
হাসান মাহমুদ
নাহিদ-শরিফুল ফিট থাকলে হাসান মাহমুদের এই টেস্ট খেলারই কথা ছিল না।
তিনি সুযোগ পেলেন, কাজে লাগালেন। ক্যারিয়ারসেরা বোলিং করে পেলেন ম্যান অব দ্য ম্যাচের
পুরস্কারও। বোলার হাসানের পাশাপাশি ব্যাটার হাসানও অবাক করেছে অজিদের। স্টার্ক-কামিন্সদের
বিপরীতে ৯২ বল টিকে থাকা চাট্টিখানি কথা নয়। তবে দুই ইনিংস মিলিয়ে হাসান মাহমুদ আরেকটা
উইকেট পেলে বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে এক টেস্টে ১০ উইকেটের রেকর্ড গড়তে
পাড়তেন।
এবাদত হোসেন