যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: বাসস
শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। এই ঐতিহাসিক জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সামাজিক মাধ্যমে দেওয়া এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ ক্রিকেটের জন্য আজ এক ঐতিহাসিক দিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই অসাধারণ টেস্ট জয়ের জন্য আমাদের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং এর সঙ্গে জড়িত প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। আপনাদের সাহস, কঠোর পরিশ্রম ও অদম্য দৃঢ়তা পুরো জাতিকে গর্বিত করেছে। বাংলাদেশকে আজীবন মনে রাখার মতো একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ”।
এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ সাফল্যে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এক বার্তায় সংস্থাটি জানায়, “অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন। এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক মাইলফলক অর্জন এবং সমগ্র জাতির জন্য গর্বের মুহূর্ত”।