× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত-পাকিস্তানের পরই বাংলাদেশ, অস্ট্রেলিয়ায় দ্রুততম টেস্ট জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৮:৩২ পিএম

ডারউইনে স্বাগতিকদের হারিয়ে ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখেছে নাজমুল হোসেন শান্তর দল। ছবি: বিসিবি

ডারউইনে স্বাগতিকদের হারিয়ে ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখেছে নাজমুল হোসেন শান্তর দল। ছবি: বিসিবি

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়েই অনন্য এক কীর্তি গড়ল বাংলাদেশ। ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে শুধু দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া নয়, নিজেদের নামও লিখিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম টেস্ট জয় পাওয়া দলগুলোর তালিকায়।

অস্ট্রেলিয়ায় নিজেদের তৃতীয় টেস্টেই প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। এশিয়ার তৃতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের কৃতিত্বও এখন টাইগারদের।

অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম ম্যাচ খেলে প্রথম জয় পাওয়ার রেকর্ড ইংল্যান্ডের। ১৮৭৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় টেস্টেই জয় পেয়েছিল ইংলিশরা। সেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় টেস্টে গিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। দক্ষিণ আফ্রিকার সেই জয় এসেছিল ১৯১১ সালে।

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম প্রথম টেস্ট জয়ের তালিকায় এরপর রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৩১ সালে নিজেদের পঞ্চম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ক্যারিবীয়রা। পাকিস্তান ও নিউজিল্যান্ড যৌথভাবে রয়েছে পঞ্চম স্থানে। পাকিস্তান ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সপ্তম টেস্টে প্রথম জয় পায়। একইসংখ্যক টেস্ট খেলে ১৯৮৫ সালে প্রথম জয়ের দেখা পায় নিউজিল্যান্ড।

ভারতের অপেক্ষাটা ছিল আরও দীর্ঘ। অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের ১২তম টেস্টে গিয়ে প্রথম জয়ের দেখা পায় ভারত, ১৯৭৭ সালে। ফলে দ্রুততম প্রথম জয়ের এই তালিকায় বাংলাদেশের ওপরে শুধু ইংল্যান্ড। যৌথভাবে দ্বিতীয় স্থানে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।


এশিয়ার দলগুলোর হিসাবেও বাংলাদেশের এই জয় বিশেষ তাৎপর্যের। ভারত, পাকিস্তানের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পাওয়া তৃতীয় এশীয় দল বাংলাদেশ। পাকিস্তান অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত চারটি টেস্ট জিতেছে। তাদের প্রথম জয় এসেছিল ১৯৭৭ সালের জানুয়ারিতে। ভারত প্রথম জয় পায় একই বছরের ডিসেম্বরে এবং এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে তাদের জয় ১০টি।

দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশের এই জয় তাই শুধু একটি ম্যাচের ফল নয়, এশিয়ার ক্রিকেটের ইতিহাসেও আলাদা জায়গা করে নেওয়ার মতো ঘটনা। ২০০৩ সালের পর ২৩ বছর অপেক্ষা করে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। সেই প্রত্যাবর্তনেই ডারউইনে স্বাগতিকদের হারিয়ে ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখেছে নাজমুল হোসেন শান্তর দল।

অস্ট্রেলিয়ার মাটিতে একাধিক টেস্ট খেলেও এখনও জয়ের মুখ দেখেনি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। আর গত ৩০ বছরে ভারত ছাড়া এশিয়ার কোনো দল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারেনি। পাকিস্তানের সর্বশেষ জয় এসেছিল ১৯৯৫ সালে। সেই দীর্ঘ খরার পর এবার বাংলাদেশের হাত ধরে অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ার আরেকটি দলের টেস্ট জয় দেখা গেল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা