প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিডিওকলে কথা বলছেন জাতীয় দলের ক্রিকটাররা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
অস্ট্রেলিয়ার ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের সময় কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় দলের এই অর্জনে ব্যস্ততার মাঝেও দলকে শুভেচ্ছা জানাতে ভুলেননি তিনি।
ম্যাচ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী ভিডিও কলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সাথে কথা বলেন। তাদের অভিনন্দন জানান। এ সময় ভিডিও কলে যুক্ত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবালও।
টাইগারদের জয়ের আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে প্রধানমন্ত্রীর সঙ্গে বিসিবি বস তামিমের ভিডিও কলের একটি কথোপকথন।
প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের পক্ষ থেকে দলের খেলোয়াড়দের শুভেচ্ছা পৌঁছে দেন। নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও তানজিদ হাসানের সঙ্গে কথা বলেন। এ সময় বিসিবি সভাপতি তামিম ইকবাল ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন।
প্রথম টেস্টে টাইগারদের জয়ে বোলারদের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার মাটিতে শতরান করা ওপেনার তানজিদ হাসান তামিম।
তারেক রহমান ও তানজিদের বাড়ি একই জেলা বগুড়ায়। ভিডিও কলে তানজিদের সঙ্গে তারেক রহমান কথা বলার সময় বিসিবি সভাপতি হস্তক্ষেপ করে বলেন, “ও তানজিদ হাসান, বগুড়ার ছেলে, সেঞ্চুরি করেছে”।
সঙ্গে সঙ্গেই সাবেক এই অধিনায়ককে সংশোধন করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, বগুড়াকে না”।
প্রধানমন্ত্রীর এই সম্বোধন প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। অনেকেই বলছেন, সরকারপ্রধানের এই ধরনের নিরপেক্ষতা আসলেই সুন্দর।
এ সময় ক্রিকেটারদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের স্বাগত জানানোর জন্য। সবার শরীর ভালো আছে তো? একটু (ক্লান্তি) হবে স্বাভাবিক। গরম কেমন ওখানে? ভালো গরম? দেশের মতো? আসেন আপনারা সুস্থভাবে। বাংলাদেশের মানুষ আপনাদের স্বাগত জানাতে অপেক্ষা করছে”।
সবশেষ ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারিয়ে নতুন ইতিহাস গড়ল নাজমুল শান্তর দল।