রুমেল খান
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ২২:৪১ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ০৩:৫৭ এএম
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এআই দিয়ে তৈরি
ফুটবল বিধিতে ‘পেনাল্টি’ শব্দটির আক্ষরিক অর্থ দণ্ড বা শাস্তি হলেও ফুটবলের সমীকরণে এটি হলো রোমাঞ্চ ও মানসিক স্নায়ুযুদ্ধের চরমতম রূপ।
যখন কোনো দলের খেলোয়াড় নিজেদের ডি-বক্সের ভেতর গুরুতর কোনো ফাউল বা নিয়ম ভঙ্গ করেন, তখন প্রতিপক্ষ দলকে শাস্তি হিসেবে সরাসরি গোল করার একটি সুবর্ণ সুযোগ দেওয়া হয়। এটিই ফুটবলে পেনাল্টি কিক নামে পরিচিত। মোট কথা পেনাল্টি পাওয়া বা পেনাল্টি থেকে গোল করাটা ফুটবল খেলারই অংশ।
পেনাল্টি কিকের প্রচলনের কৃতিত্ব দেওয়া হয় আয়ারল্যান্ডের কাউন্টি আরমাগের মিলফোর্ডের গোলরক্ষক ও ব্যবসায়ী উইলিয়াম ম্যাকক্রামকে। ১৮৯০ সালে তার প্রস্তাবের পর ১৮৯১ সালের ২ জুন আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড পেনাল্টি-কিক আইন প্রবর্তন করে।
এর মাত্র চার দিন পর, ৬ জুন, এয়ারড্রি চ্যারিটি কাপের ফাইনালে এয়ারড্রিওনিয়ান্সের হয়ে রয়্যাল অ্যালবার্টের বিপক্ষে বিশ্বের প্রথম পেনাল্টি গোলটি করা হয়। সেই থেকে ১২ গজের এই দ্বৈরথ ফুটবলের অবিচ্ছেদ্য অংশ।
পেনাল্টি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি গোল করার সবচেয়ে বড় সুযোগগুলোর একটি। একটি পেনাল্টি ম্যাচের গতিপথ বদলে দিতে পারে, কোনো দলকে ফিরিয়ে আনতে পারে মৃত্যুর মুখ থেকে, আবার একটি মিস মুহূর্তেই কেড়ে নিতে পারে বছরের পর বছরের স্বপ্ন।
গোলরক্ষকের জন্য যেমন এটি স্নায়ুর পরীক্ষা, শুটারের জন্যও তেমনি। বরং শুটারের ওপর চাপটা অনেক সময় আরও বেশি। কারণ সবাই ধরে নেয়, এই সুযোগটি গোল হওয়াই স্বাভাবিক। কিন্তু সেই ‘স্বাভাবিক’ কাজটিই সবসময় সহজ নয়।
১ হাজার ১৩০টি পেশাদার ম্যাচে ৯৭৬টি ক্যারিয়ার গোল। ক্লাবের হয়ে ১০৯৭ ম্যাচে ৮৩০ গোল, আর জাতীয় দলের জার্সিতে ২৩৩ ম্যাচে ১৪৬ বার প্রতিপক্ষের জাল কাঁপানো- ক্রিস্টিয়ানো রোনালদো যা করে দেখাচ্ছেন, সাধারণ ফুটবলীয় যুক্তিতে তা প্রায় অলৌকিক।
২০১৬ ইউরো জয়, কিংবা ২০১৯ ও ২০২৪ সালের উয়েফা নেশনস লিগ জয়- পর্তুগালকে ইউরোপের পরাশক্তিতে রূপান্তরের কাণ্ডারি তিনিই। ছয়টি বিশ্বকাপ খেলেও সোনালি ট্রফিটি উঁচিয়ে ধরতে না পারার এক রক্তক্ষরণ হয়তো তার হৃদয়ে জমা আছে।
কিন্তু তার চোখে এখন জ্বলজ্বল করছে ১ হাজার অফিসিয়াল গোলের অনন্য এক এভারেস্ট জয়ের স্বপ্ন। আর ঠিক এই ১ হাজার গোলের সিঁড়িতে পা রাখার পথে ট্রল-পাণ্ডারা তার নামের পাশে এঁটে দিয়েছে এক ব্যঙ্গাত্মক বিশেষণ- ‘পেনালদো’।
প্রতিপক্ষ দলের ভক্তরা বা ‘রোনালদো হেটার্স’রা যখন ব্যঙ্গ করে রোনালদোকে ‘পেনালদো’ বলেন, কিংবা ৮টি ব্যালন ডি’অর ও বিশ্বকাপসহ ৪টি আন্তর্জাতিক ট্রফিজয়ী সর্বকালের সেরা ফুটবলার-মহাতারকা লিওনেল মেসিকে ‘পেসি’ বলে খোঁচা দেন, তখন মেসি-ভক্তদের রক্তচাপ বেড়ে যাওয়া স্বাভাবিক।
কিন্তু আবেগ সরিয়ে রেখে কেবল নিখাদ পরিসংখ্যানের পাতায় চোখ বুলালে সত্যটা আলো হয়ে বেরিয়ে আসে।
রোনালদোর সমালোচকেরা এই নাম ব্যবহার করেন তাকে খাটো করার জন্য। যেন পেনাল্টি থেকে গোল করা কোনো কৃতিত্বই নয়, যেন ১২ গজ দূরে দাঁড়িয়ে গোলরক্ষকের চোখের দিকে তাকিয়ে বল জালে পাঠানো কোনো কঠিন কাজ নয়। কিন্তু পরিসংখ্যান অন্য গল্প বলে।
বারো গজের ফুটওয়ার্ক আর গোলরক্ষকের মনস্তত্ত্ব পড়ে শট নেওয়া চাট্টিখানি কথা নয়। গ্যালারির হাজার হাজার দর্শকের সম্মিলিত গর্জন, ট্রফি হাতছাড়া হওয়ার পর্বতসম চাপ আর গোলরক্ষকের মনস্তাত্ত্বিক চালÑ এসবের মাঝে দাঁড়িয়ে শট নিয়ে জালে বল জড়িয়ে দেওয়াটা এক অতিমানবিক নৈপুণ্য।
পেনাল্টির হিসাব খুললে রোনালদোর শ্রেষ্ঠত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি পেনাল্টি শট নেওয়া, সবচেয়ে বেশি পেনাল্টি থেকে গোল, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সবচেয়ে বেশি পেনাল্টি নেওয়া, সবচেয়ে বেশি পেনাল্টি গোল- সব ক্ষেত্রেই তার নাম শীর্ষে।
শুধু সফলতার গল্প নয়, ব্যর্থতার হিসাবেও রোনালদো শীর্ষে। কারণ সবচেয়ে বেশি পেনাল্টি নেওয়ার স্বাভাবিক ফল হলো সবচেয়ে বেশি পেনাল্টি মিসের সম্ভাবনাও। তিনিও মিস করেছেন। অনেকবার। কিন্তু সেটিই তো একজন পেনাল্টি-টেকারের বাস্তব গল্প। যে খেলোয়াড় বারবার ১২ গজে দাঁড়ান, তিনিই কখনও কখনও গোলরক্ষকের হাতে বল তুলে দেবেন।
পার্থক্যটা তৈরি হয়- মিসের পর আবার সেই জায়গায় দাঁড়ানোর সাহসে। রোনালদো সেই সাহস দেখিয়েছেন বারবার। সেই পরীক্ষায় অসংখ্যবার উত্তীর্ণ হয়েছেন। তাই ‘পেনালদো’ কোনো গালি নয়। ফলে রোনালদো-ভক্তদের উচিত প্রতিপক্ষের ‘পেনালদো’ ট্রল শুনে চটে না গিয়ে, বরং এটিকে এক পরাবাস্তব দক্ষতার স্বীকৃতি হিসেবে রাজসিক হাসিতে গ্রহণ করা।
চাপকে জয় করে যিনি বারো গজকে বানান নিজের নিয়মিত গোলের ফাঁদ, তিনি কেবল গোলের রাজা নন, তিনি সত্য অর্থেই ফুটবলের সর্বকালের সেরা ‘পেনাল্টি মাস্টার’- তিনি আসলেই ‘পেনালদো’। তার এই নামের মধ্যে বিদ্রূপের পাশাপাশি লুকিয়ে আছে এক বিশাল কৃতিত্বের স্বীকৃতিও।
পেনাল্টি শটের ইতিহাস ও রেকর্ড-বইতে ক্রিস্টিয়ানো রোনালদোই হলেন শেষ কথা