প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৭:১৮ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৬ ১৭:২০ পিএম
লিভারপুলের এক-তৃতীয়াংশ মালিকানা কিনে নিয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি জেফ বেজোস সমর্থিত একটি বিনিয়োগকারী কনসোর্টিয়াম। ছবি: স্কাইনিউজ
ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব লিভারপুলের মালিকানা কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি জেফ বেজোস সমর্থিত একটি বিনিয়োগকারী কনসোর্টিয়াম ক্লাবটির এক-তৃতীয়াংশ মালিকানা কিনে নিয়েছে। তবে এই বিনিয়োগের পরও ক্লাবের নিয়ন্ত্রণ থাকছে বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপের (এফএসজি) হাতেই।
লিভারপুল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮৯২ হোল্ডিংস নামের কনসোর্টিয়ামের সঙ্গে কৌশলগত সংখ্যালঘু মালিকানা বিক্রির চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে চুক্তি কার্যকর হতে প্রিমিয়ার লিগ ও যুক্তরাজ্যের নতুন স্বাধীন ফুটবল নিয়ন্ত্রক সংস্থার আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন।
২০০৯-১০ মৌসুমে আর্থিক সংকটে থাকা লিভারপুলকে মাত্র ৩০০ মিলিয়ন পাউন্ডে অধিগ্রহণ করেছিল এফএসজি। এরপর গত দেড় দশকে মাঠের সাফল্য, বাণিজ্যিক সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ক্লাবটির মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ এই চুক্তিতে লিভারপুলের বাজারমূল্য ধরা হয়েছে প্রায় সাত বিলিয়ন মার্কিন ডলার।
নতুন বিনিয়োগকারী কনসোর্টিয়ামের নেতৃত্বে রয়েছেন ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী অমিত ভাটিয়া, যিনি ভারতের শিল্পপতি লক্ষ্মী মিত্তালের জামাতা। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে তিনি লিভারপুলের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
ক্লাবে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে ভাটিয়া বলেন, এফএসজির নেতৃত্বে লিভারপুল যে অগ্রগতি অর্জন করেছে, তার প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। এমন ঐতিহ্যবাহী ক্লাবের অংশীদার হতে পারা তাদের জন্য বড় সম্মানের এবং ভবিষ্যতের সাফল্যের যাত্রায় পাশে থাকতে তারা মুখিয়ে আছেন।
কনসোর্টিয়ামের প্রতিনিধিত্ব করে লিভারপুলের পরিচালনা পর্ষদে যোগ দেবেন আরও দুজন, ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো সেভেরিনের স্ত্রী এলেইন সেভেরিন ও উদ্যোক্তা ব্রায়ান বম।
তবে এই বিনিয়োগের অন্যতম সমর্থক জেফ বেজোস নিজে ক্লাবের বোর্ডে থাকছেন না। ফোর্বসের তথ্য অনুযায়ী, ২৭০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক বেজোস বর্তমানে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি।
এফএসজির প্রেসিডেন্ট মাইক গর্ডন বলেন, লিভারপুল সবসময় দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে এগিয়েছে। ক্লাবের ভবিষ্যৎ আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।