× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডারউইন টেস্ট

অস্ট্রেলিয়ায় স্বপ্নের শুরু বাংলাদেশের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৪:২১ পিএম

 ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে প্রথম দিনটিই যেন স্বপ্নের মতো ছিল বাংলাদেশের জন্য। টাইগার পেসারদের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর দিন শেষে ১ উইকেটে ৯৬ রান তুলেছে বাংলাদেশ।

ফলে হাতে ৯ উইকেট নিয়ে স্বাগতিকদের চেয়ে মাত্র ১০২ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা।

বাংলাদেশের দারুণ দিনের নায়ক হাসান মাহমুদ। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছেন এই পেসার। তার সঙ্গে তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন দুটি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস ধসিয়ে দেন। টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে বাংলাদেশের ১০ উইকেটই নিয়েছেন পেসাররা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের পেস আক্রমণের সামনে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। এক প্রান্ত থেকে তাসকিন, অন্য প্রান্ত থেকে হাসান মাহমুদ চাপ তৈরি করেন। দ্রুতই ওপেনার ট্রাভিস হেডকে ফিরিয়ে প্রথম উইকেটের দেখা পান হাসান। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে একের পর এক আঘাত হানেন তিনি।

তাসকিনও যোগ দেন সেই ধ্বংসযজ্ঞে। দলে নিজের প্রত্যাবর্তনের শুরুটা গুরুত্বপূর্ণ উইকেট তুলেই করেছেন ইবাদত হোসে। তবে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির জুটি কিছুটা প্রতিরোধ গড়ে অস্ট্রেলিয়াকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করে।


শেষ পর্যন্ত স্মিথকেও ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান। পরে আরও এক উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা ৬ উইকেটের কীর্তি গড়েন তিনি।

বাংলাদেশের পেসারদের তোপে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৫৩ ওভারে ১৯৮ রানে। টেস্টে এটি বাংলাদেশের পেসারদের তৃতীয় সেরা বোলিং পারফরম্যান্স। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষেও এক ইনিংসে অস্ট্রেলিয়ার মতো ১০ উইকেটই নিয়েছিলেন বাংলাদেশের পেসাররা; সেই ইনিংসেও পাঁচ উইকেট পেয়েছিলেন হাসান।

ব্যাটিংয়ে নেমেও শুরুটা আত্মবিশ্বাসের সঙ্গে করে সফরকারীরা। মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের মতো বিশ্বমানের পেসারদের সামলে সাদমান ইসলাম ও তানজিদ হাসান উদ্বোধনী জুটিতে ভালো শুরু এনে দেন। একপর্যায়ে ৭ ওভারে বাংলাদেশের রান ছিল ২৭।

তবে ২০ রান করে সাদমানকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দেন মিচেল স্টার্ক। লায়নের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশের ওপেনার।

এরপর মুমিনুল হককে নিয়ে ইনিংস সামলান তানজিদ। দুজনের সাবলীল ব্যাটিংয়ে দ্রুতই পঞ্চাশ পেরোয় বাংলাদেশের রান। ২১তম ওভারে হ্যাজলউডকে চার মেরে দ্বিতীয় উইকেট জুটিকে ৫০ রানে নিয়ে যান তানজিদ। দিন শেষে তানজিদ ৩২ ও মুমিনুল ৩৫ রানে অপরাজিত আছেন। দুজনের অবিচ্ছিন্ন জুটি ৬০ রানের।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা