ক্যামেরন গ্রিনকে আউট করে তাসকিনের উদ্যাপন। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনটা দারুণভাবে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের নিয়ন্ত্রিত ও ধারাল বোলিংয়ে চাপে মধ্যাহ্ন বিরতির আগে ৪ উইকেট হারিয়েছে অজিরা।
মারারা স্টেডিয়ামে বৃহস্পতিবার টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই স্বস্তি এনে দেন হাসান ও তাসকিন আহমেদ। দুই প্রান্ত থেকে নতুন বল হাতে আক্রমণ শুরু করেন এই দুই পেসার।
গুড লেংথ থেকে বল দুই দিকে সুইং করিয়ে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডকে চাপে রাখছিলেন হাসান। অষ্টম ওভারে রাউন্ড দ্য উইকেট থেকেও তার বোলিংয়ে স্বস্তি পাননি দুই ব্যাটসম্যান।
অবশেষে দ্বাদশ ওভারে আসে সাফল্য। অফ স্টাম্পের বাইরে ড্রাইভের লোভ দেখিয়ে যাওয়া হাসানের একটি বলে ব্যাট চালাতে গিয়ে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন ওয়েদারাল্ড। ২৩ রান করে ফেরেন অজি ওপেনার। হাসানের বলে বাংলাদেশের প্রথম উইকেটটি ‘প্রাপ্য’ ছিল বলে মন্তব্য করেন ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকার কেরি ও’কিফ।
এরপরও থামেনি হাসানের দাপট। ১৪তম ওভারের চতুর্থ বলে তার শিকার হন ট্রাভিস হেড। রাউন্ড দ্য উইকেট থেকে করা গুড লেংথের বলটি ভেতরে ঢুকে হেডের ব্যাটে লাগে এবং স্টাম্পের বেলস ফেলে দেয়। ২২ রান করে ফেরেন হেড। ১৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৫২ আর উইকেট ২টি।
১৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৫৫ রান। এরপর অজি শিবিরে তৃতীয় আঘাত হানেন ইবাদত হোসেন। ১৯তম ওভারে ইবাদতের দ্বিতীয় বলে অভ্যাসবশত খেলতে গিয়ে খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে নাজমুলকে ক্যাচ দিয়ে ফেরেন ১ রান করা লাবুশেন।
তবে এটা ইবাদতের দ্বিতীয় উইকেট হতে পারত যদি ইবাদতের করা ১৭ তম ওভারের দ্বিতীয় বলে তৃতীয় স্লিপে স্মিথের ক্যাচটি হাতছাড়া না করতেন তানজিদ তামিম।
তবে লাঞ্চের আগে ইবাদতের সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দিয়েছেন তাসকিন। ২২ তম ওভারের শেষ বলে তাসকিনকে অন সাইডে ওপরে খেলতে গিয়ে শর্ট মিড উইকেটে মুশফিকুর রহিমকে ক্যাচ দেন ক্যামেরন গ্রিন। ১৩ রানে ফেরে তিনি। কিন্তু এখনও অপরাজিত আছেন জীবন পাওয়া স্মিথ।
৭ রানে অপরাজিত স্মিথ। গ্রিন আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান নামেননি। লাঞ্চের বিরতি দেওয়া হয়। অজিদের সংগ্রহ ৪ উইকেটে ৭৩ রান।