প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২২:৪৮ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ০১:৫৩ এএম
শমিত সোম। ছবি: ফেসবুক থেকে
কানাডার শীর্ষ ফুটবল লিগের ক্লাব ক্যাভালরি এফসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বেশ কিছুদিন ধরেই নতুন ক্লাবের অপেক্ষায় ছিলেন বাংলাদেশি মিডফিল্ডার শমিত সোম। অবশেষে তার নতুন ঠিকানা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ক্লাব নিউইয়র্ক কসমসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের জার্সিতে খেলা এই মিডফিল্ডার।
নিউইয়র্ক কসমস ক্লাবটির জার্সিতে খেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত কসমসের হয়ে খেলেছিলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। পরে জার্মানির কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও ক্লাবটির হয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে পা রাখেন। সেই দুই কিংবদন্তির সাবেক ক্লাবে এবার শমিতের নাম জড়ানোয় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
বর্তমানে নিউইয়র্ক কসমস যুক্তরাষ্ট্রের ফুটবলের তৃতীয় স্তরে খেলছে। ক্লাবটি আবারও নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। সেখানে শমিত যোগ দিলে বাংলাদেশের ফুটবলের জন্যও তা হবে উল্লেখযোগ্য খবর।
গত জানুয়ারিতে কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসির সঙ্গে তিন বছরের পথচলার ইতি টানেন শমিত। ২০২৬ মৌসুমের দলবদলের আগে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করে। এরপর থেকেই ক্লাবহীন ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার।
আন্তর্জাতিক ফুটবলেও সামিতের রয়েছে দুই দেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা। ক্যারিয়ারের শুরুতে কানাডা জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। পরে নিজের বাবা-মায়ের শেকড়ের দেশ বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। গত বছর বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণের পর লাল-সবুজ জার্সিতে অভিষেক হয় তার।