প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ২১:১৮ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৬ ২২:১২ পিএম
মোস্তাফিজুর রহমান। ছবি: ফেসবুক থেকে
সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগ আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসরেও দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।
আসন্ন মৌসুমের জন্য আগের স্কোয়াড থেকে মোস্তাফিজ ও ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েলকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি দলটি নতুন করে দলে নিয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের স্পিনার নূর আহমদকে।
আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। টুর্নামেন্ট চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এবারের আসরে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই, আবুধাবি ও শারজাহর তিন ভেন্যুতে।
আগামী ১ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইএলটি-টোয়েন্টির নিলাম। সেখানে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবের ক্রিকেটারদের পাশাপাশি আরও বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ থাকবে। প্রতিটি দলে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ২৩ জন খেলোয়াড় থাকতে পারবে।
নিলামের পর প্রতিটি ফ্র্যাঞ্চাইজি আরও একজন ক্রিকেটারকে ওয়াইল্ডকার্ড হিসেবে দলে নিতে পারবে। আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসরে মোট ছয়টি দল অংশ নিবে।