× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতিহাস গড়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে ফর্টিস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ২০:০৮ পিএম

রেফারির শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) সর্বশেষ মৌসুমে তৃতীয় হওয়া ফর্টিস এফসি। ছবি: ফর্টিস এফসি

রেফারির শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) সর্বশেষ মৌসুমে তৃতীয় হওয়া ফর্টিস এফসি। ছবি: ফর্টিস এফসি

গত আসরে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের কাছে হেরেছিল বাংলাদেশের ঢাকা আবাহনী লিমিটেড। সেই দলেরই সদস্য ছিলেন মোহাম্মদ ইব্রাহিম। এবারও মুরাসের বিপক্ষে মাঠে নামলেন ইব্রাহিম। তবে এবার গল্পটা ভিন্ন।

যে গল্প ইব্রাহিম নিজেই লিখলেন। মঙ্গলবার তার গোলেই এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাই পর্বে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের আরেক ক্লাব ফর্টিস এফসি।

প্রথমবারের মতো মহাদেশীয় কোনো টুর্নামেন্টে খেলতে নেমে জয় দিয়ে ইতিহাস গড়েছেন ফর্টিস কোচ মাসুদ পারভেজ কায়সারও। মুরাসকে হারিয়ে দেওয়া ফর্টিস এরপর খেলবে প্রতিযোগিতার গ্রুপ পর্বে।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই দেখেশুনে খেলার কৌশল নেয় ফর্টিস। রক্ষণ জমাট রেখে প্রতি আক্রমণ থেকে গোল করার চেষ্টা ছিল তাদের পরিকল্পনায়। দলে ছিলেন ৮ বিদেশি।

২২ মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিল ফর্টিস। একক প্রচেষ্টায় বক্সের বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে মুরাসের গোলরক্ষক কস্তিককে একা পেয়ে যান পা ওমর বাবু। বাঁ পায়ের শটে কস্তিককে পরাস্তও করেন তিনি। কিন্তু বল সাইড পোস্টে লেগে বাইরে চলে গেলে হতাশা হতে হয় ফর্টিসকে।

বিরতির পর চাপ বাড়িয়ে খেলতে থাকে মুরাস। তবে দুই দফায় তাদের হতাশ করেন ফর্টিসের গোলকিপার সুজন পেরেরা।

এরপর ৫২ মিনিটে ধারার বিপরীতে গোল করে ফর্টিসকে এগিয়ে দেন ইব্রাহিম। পা ওমর বাবুর কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে ডান পায়ে আলতো ছোঁয়ায় তা নিয়ন্ত্রণে নেন ইব্রাহিম। এরপর বাঁ পায়ের গড়ানো শট নেন তিনি। বলটি মুরাস গোলকিপার ওরেস্ট কস্তিকের শরীরের নিচ দিয়ে গিয়ে জালে জড়ায় (১-০)।

৫৬ মিনিটে জোড়া সেভ করে ফর্টিসের ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন কস্তিক। পা ওমর বাবুর কর্নার বাঁক খেয়ে পোস্টে জড়ানোর আগমুহূর্তে গোললাইন থেকে বল ঠেকান তিনি। ফিরতি বল পেয়ে অনন্ত তামাং কাটব্যাক করেন এরিক বিস্তাকে। তার বাঁক খাওয়ানো শট ডানদিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন কস্তিক।

৭৪ মিনিটে বড় সুযোগ আসে মুরাসের সামনে। মাদানভ ইসমইলোভিচের শট বক্সের ভেতর এরিক বিস্তার হাতে লাগলে পেনাল্টি পায় মুরাস। সেখান থেকে সমতায় ফেরার সুযোগ নষ্ট করেন আতাবায়েভ এরবল। তার ডান পায়ের শট সাইড পোস্টে লেগে ফিরে আসে। ফলে লিড ধরে রাখে ফর্টিস।

বাকি সময়ে দুই দলই বল নিয়ন্ত্রণে রেখে গোলের চেষ্টা করে। কিন্তু আর কোনো গোল হয়নি।

রেফারির শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) সর্বশেষ মৌসুমে তৃতীয় হওয়া ফর্টিস এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগে অভিষেকেই এমন জয় তাদের সামনে খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার। 

উল্লেখ্য, ২০২৫-২৬ মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস আর রানার্সআপ হয় ঢাকা আবাহনী। দুটি ক্লাবের ওপর ফিফা নিষেধাজ্ঞা থাকায় সুযোগ আসে তৃতীয় হওয়া ফর্টিস এবং পুলিশ এফসির সামনে। 

ফর্টিসের প্রতিপক্ষ ছিল গত আসরের সেমিফাইনালিস্ট। কিন্তু বাংলাদেশের গরম, প্রতিপক্ষের অভিজ্ঞতা কিংবা ম্যাচের চাপ; কিছুই বাধা হতে পারেনি ফর্টিস এফসির সামনে। ফর্টিসের রক্ষণ ও গোলরক্ষক সুজন পেরেরার দৃঢ়তায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি মুরাস।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা