বিবিসি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৫:৩২ পিএম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
চাপের মুখে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলে তা হবে একটি ‘ভয়াবহ ভুল’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইনফান্তিনোর প্রতি ট্রাম্পের এই সমর্থন এমন সময় এলো, যখন উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) একটি উন্মুক্ত চিঠিতে ইনফান্তিনোর বিরুদ্ধে আস্থাভঙ্গের অভিযোগ তোলে। তারা বলে, ব্যর্থ হয়ে যাওয়া তার ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাবের মাধ্যমে তিনি ‘প্রতারণার আশ্রয় নিয়ে’ বিশ্বাস ভঙ্গ করেছেন।
এফএফই পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিট ব্যবস্থাপনার অধিকার পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি গঠন করা হতো, যার ২১ শতাংশ মালিকানা একটি বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হতো।
২৮ জুলাই এফএফই পরিকল্পনার বিষয়টি প্রকাশ্যে আসার পর এই প্রথম ইনফান্তিনোর পক্ষে প্রকাশ্যে কথা বললেন ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প মঙ্গলবার লিখেছেন, ‘যেকোনো কারণেই হোক, যদি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে প্রতিস্থাপনের কথা বিবেচনা করে, তাহলে ফিফা একটি ভয়াবহ ভুল করবে।’
তিনি আরও লেখেন, ‘তিনি অসাধারণ। তার নেতৃত্বেই ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, যা আগের তুলনায় চার গুণ বেশি সফল ছিল। তিনি চলে গেলে এটি আর কখনো এতটা সফল বা লাভজনক হবে না।’
২০২৬ সালের বিশ্বকাপ এ গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করে। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হয়।
৩১ জুলাই প্রথমবারের মতো এফএফই প্রস্তাব নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেছিলেন, এই পরিকল্পনা নিয়ে তিনি ইনফান্তিনোর সঙ্গে কোনো আলোচনা করেননি।
থ্রাইভ ইটারনালকে এফএফইর জন্য প্রস্তাবিত বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার কথা ছিল। থ্রাইভ একটি মার্কিন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান, যা প্রতিষ্ঠা করেছিলেন জশুয়া কুশনার। তিনি ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।
ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে ইনফান্তিনো তাকে ফিফার উদ্বোধনী ‘ফিফা পিস প্রাইজ’ দেন।
এদিকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, ফিফার সব প্রতিযোগিতা বয়কটের হুমকি দেওয়ার পাশাপাশি ব্যর্থ এফএফই পরিকল্পনা নিয়ে আইনি পদক্ষেপও নিতে পারে তারা।
উয়েফা, কনকাকাফ ও এএফসি—ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল এবং এশিয়ার প্রতিনিধিত্বকারী এই তিন কনফেডারেশন একটি চিঠি দেওয়ার পর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে ফিফা বলেছিল, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ও ইনফান্তিনিকে ‘দুর্বল’ করার জন্য একটি ‘সমন্বিত ও চলমান প্রচেষ্টা’ চলছে।
বিবিসি স্পোর্ট জানতে পেরেছে, ইনফান্তিনি তার পদে বহাল থাকলে আলাদা প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে তিন কনফেডারেশনের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে অন্য কয়েকটি সূত্র জানিয়েছে, এখনো এ বিষয়ে কোনো বিস্তারিত আলোচনা শুরু হয়নি।
উয়েফা, কনকাকাফ ও এএফসির চিঠিতে বলা হয়েছে, ‘প্রতারণার মাধ্যমে যখন বিশ্বাস ভেঙে যায়, যখন কোনো ব্যক্তি তাকে কর্তৃত্ব দেওয়া সম্মিলিত সত্তার ঊর্ধ্বে নিজেকে স্থান দেন, তখন সেই দায়িত্ব পরিত্যক্ত হয়।’
বিবৃতিতে ইনফান্তিনির নাম উল্লেখ করা হয়নি। তবে সূত্রগুলো বিবিসি স্পোর্টকে জানিয়েছে, এটিকে তার জন্য পদত্যাগ করে মর্যাদার সঙ্গে দায়িত্ব থেকে সরে যাওয়ার একটি সুযোগ হিসেবে দেখা উচিত।