প্রথম টেষ্টের আগে সমুদ্রসৈকতে অ্যালেক্স ক্যারি, তাসকিন আহমেদ ও জেক ওয়েদারাল্ড। ছবি: বিসিবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাওয়াটা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য স্বপ্নের মতোই। আর তাসকিন আহমেদের কাছে এটি আরও আবেগের। ১৪ বছর আগে অস্ট্রেলিয়ায় প্রথমবার গিয়েছিলেন তিনি। এবার সেই দেশেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বল হাতে নামার অপেক্ষায় বাংলাদেশের এই পেসার।
২০১২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন তাসকিন। এরপর ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা হয়েছে তার। তবে অস্ট্রেলিয়ার মাটিতে দেশটির বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি কখনও। সেই অপেক্ষা এবার শেষ হতে যাচ্ছে। সোমবার ক্রিকইনফো তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখানে আসতে পেরে আমরা সত্যিই গর্বিত। নিঃসন্দেহে অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলা আমাদের প্রত্যেক খেলোয়াড়ের জন্যই গর্বের মুহূর্ত। সিরিজটি আমাদের জন্য সহজ হবে না, তবে আমরা ভালো করার আশা করছি, বলেছেন তাসকিন। অস্ট্রেলিয়ার প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন বাংলাদেশের এই পেসার। ছোটবেলা থেকেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলারদের দেখে বড় হয়েছেন তিনি। এবার তাদের বিপক্ষেই খেলার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত তাসকিন। ‘ছোটবেলা থেকেই অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের, বিশেষ করে তাদের দুর্দান্ত ফাস্ট বোলার ও কিংবদন্তিদের দেখে আসছি। এখন তাদের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি। তাই আমি সত্যিই রোমাঞ্চিত। অস্ট্রেলিয়া আমার প্রিয় জায়গা বল করার জন্য। স্টার্ক, হ্যাজলউড, কামিন্স, এমনকি বোল্যান্ডও ভালো করছে। সুযোগ পেলে অবশ্যই তাদের সঙ্গে কথা বলতে চাই, বলেছেন তাসকিন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট খেলার সুযোগ অবশ্য খুব বেশি আসে না। ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় গিয়ে একমাত্র টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। তখন তাসকিনের বয়স মাত্র আট বছর। সেই সময় টেলিভিশনে বাংলাদেশের ম্যাচ দেখেছেন তিনি। প্রায় ২৩ বছর পর আবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। দুই মাস আগে অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে দারুণ সাফল্য পেয়েছিল বাংলাদেশ। মিরপুরে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছিল তারা। বাংলাদেশের পেসাররা সেই সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বেশ চাপে রেখেছিলেন। তবে ওই সিরিজে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও ট্রাভিস হেড ছিলেন না। তারা তখন টেস্ট সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। ঘরের মাঠের সেই সাফল্য অবশ্য অস্ট্রেলিয়ায় আত্মবিশ্বাস জোগাচ্ছে তাসকিনকে। তবে ঘরের মাঠ ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের মধ্যে বড় পার্থক্য আছে, সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি। ‘ওই সিরিজটি আমাদের জন্য দারুণ ছিল। মিরপুরে সাধারণত স্পিন ও ধীরগতির উইকেট দেখা যায়। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ সিরিজে উইকেট ছিল বেশ স্পোর্টিং। আমরা সবাই ভালো খেলেছি এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছি। এতে তাদের বিপক্ষে খেলার আত্মবিশ্বাস বেড়েছে। তবে ঘরের মাঠ ও বিদেশের মাঠে অনেক পার্থক্য আছে, বলেছেন তাসকিন। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পরীক্ষাটা অবশ্য সফর ম্যাচেই কঠিনভাবে দিতে হয়েছে বাংলাদেশকে। শনিবার ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দক্ষিণ অস্ট্রেলিয়ার ২২ বছর বয়সী পেসার ক্যাম্পবেল থম্পসন ২৫ রানে ৮ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দেন। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ব্যাটসম্যান টিগ উইলি করেন ১৩০ রান। প্রস্তুতি ম্যাচের এমন ফল অবশ্য টেস্টের আগে বাংলাদেশকে হতাশ করেছে। তাসকিনও স্বীকার করেছেন, হারটি ভালো লাগার মতো ছিল না। এ ছাড়া তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি হেরে যাওয়াটা অবশ্যই ভালো লাগার মতো ছিল না। তবে ক্রিকেটে এমন হয়। আমরা এখনও কন্ডিশন ও উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ম্যাচটি আমাদের জন্য ভালো প্রস্তুতি ছিল। হারলেও মূল ম্যাচে ভালো করার আশা করছি। এদিকে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে অবশ্য খুব বেশি ভাবছেন না অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রাভিস হেড। তার মতে, প্রস্তুতি ম্যাচে ক্রিকেটারদের মনোযোগ অনেক সময় মূল ম্যাচের দিকেই থাকে। হেড বলেছেন, প্রস্তুতি ম্যাচে ভালো বা খারাপ ফল দিয়ে খুব বেশি কিছু বিচার করা ঠিক নয়। বাংলাদেশের খেলোয়াড়েরা মূলত আসন্ন টেস্টের প্রস্তুতি নিয়েই বেশি ভাবছিলেন। তাই প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে তারা ভেতরে ভেতরে খুব বেশি চিন্তিত নাও হতে পারেন। ডারউইনে প্রথম টেস্টের আগে এখন মূল লড়াইয়ের অপেক্ষা। আর সেই লড়াইয়ে বাংলাদেশের নতুন বল হাতে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সামনে তাসকিন আহমেদÑ যে স্বপ্নের শুরু হয়েছিল ১৪ বছর আগে, এবার সেটিই বাস্তবে রূপ নিতে যাচ্ছে।