কলম্বিয়ায় অনুষ্ঠিত এবারের আসরের ফাইনালে পানামাকে মাত্র ৩ রানে হারিয়ে ইতিহাস গড়েছে ব্রাজিল। ছবি: ক্রিকেট ব্রাজিল
১৯৯৫ থেকে ২০২৫, দীর্ঘ ৩০ বছরের অপেক্ষা। এই সময়ে ১৯ বার দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েও শিরোপার স্বাদ পায়নি ব্রাজিল। চারবার রানার্সআপ হয়ে থেমে যেতে হয়েছিল তাদের। অবশেষে ৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৯তম প্রচেষ্টায় প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ট্রফি হাতে তুলেছে ব্রাজিলের ক্রিকেট দল।
কলম্বিয়ায় অনুষ্ঠিত এবারের আসরের ফাইনালে পানামাকে মাত্র ৩ রানে হারিয়ে ইতিহাস গড়ে ব্রাজিল। এর আগে ১৯৯৭, ২০১৫, ২০২২ ও ২০২৪ সালে ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে পারেনি তারা। এবার আর সেই আক্ষেপ থাকল না। টানটান উত্তেজনার ফাইনালে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
ফাইনালে আগে ব্যাট করে ব্রাজিল নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন উইলিয়াম ম্যাক্সিমো। অধিনায়ক মাইকেল আসুনসাওও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, পৌঁছে যান ৩০ রানের ঘরে।
জয়ের জন্য ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই লড়াই চালিয়ে যায় পানামা। মাহমেদ বাওয়ারের ৪৬ রানের ইনিংসে জয়ের স্বপ্নও জাগে তাদের। তবে শেষ পর্যন্ত ব্রাজিলের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সেই স্বপ্ন পূরণ হয়নি। অধিনায়ক আসুনসাও ও গ্যাব্রিয়েল অলিভেইরার কৃপণ বোলিংয়ে ৫ উইকেটে ১২৫ রানেই থেমে যায় পানামার ইনিংস। ফলে ৩ রানের রোমাঞ্চকর জয় পেয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।
দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১২ বার শিরোপা জিতেছে তারা। তবে টানা দুই আসরে অংশ নেয়নি আর্জেন্টিনা। সেই সুযোগে এবার নতুন ইতিহাস লিখল ব্রাজিল।