× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবাকে শেষ বিদায় মেসির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১৫:৩৬ পিএম

রোসারিওর সান্তা ফের শহরতলিতে অবস্থিত ‘এল প্রাডো’ ব্যক্তিগত কবরস্থানে বাবার শেষকৃত্যে লিওনেল মেসি। ছবি: রয়টার্স

রোসারিওর সান্তা ফের শহরতলিতে অবস্থিত ‘এল প্রাডো’ ব্যক্তিগত কবরস্থানে বাবার শেষকৃত্যে লিওনেল মেসি। ছবি: রয়টার্স

নিরাপত্তার কঠোর বেষ্টনীর মধ্যে একেবারে ব্যক্তিগত পরিসরে বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি ও তার পরিবার। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার ভোরে আর্জেন্টিনার রোসারিওর ‘সানাতোরিও সেন্ট্রো’ হাসপাতালে ৬৮ বছর বয়সে মারা যান আর্জেন্টাইন ফুটবলের মহাতারকার বাবা।

রোসারিওর সান্তা ফের শহরতলিতে অবস্থিত ‘এল প্রাডো’ ব্যক্তিগত কবরস্থানে রবিবার তার শেষকৃত্য সম্পন্ন হয়।

স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের সঙ্গে শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত বিমানে রোসারিও পৌঁছান মেসি। পরে মা সেলিয়া কুচিত্তিনি এবং ভাই মাতিয়াস, রদ্রিগো ও বোন মারিয়া সোলের সঙ্গে বাবার শেষকৃত্যে অংশ নেন তিনি।

পরিবারের ব্যক্তিগত মুহূর্তের প্রতি সম্মান জানিয়ে দুপুর থেকেই ‘এল প্রাডো’ কবরস্থানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। শেষ বিদায়ের পুরো আয়োজনজুড়েই ছিল কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার আবহ।

তবে শোকের এই সময়ে মেসির পাশে দাঁড়াতে ভুল করেননি তার ভক্তরা। রোসারিও বিমানবন্দর থেকে শুরু করে কবরস্থান পর্যন্ত সমর্থকেরা ব্যানার ও বার্তা নিয়ে হাজির হন। কোথাও লেখা ছিল ‘শক্ত থাকো, লিও, আমরা তোমাকে ভালোবাসি।’

কবরস্থানের বেড়াতেও হাতে লেখা এমন আবেগঘন বার্তা চোখে পড়ে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং জাতীয় দলের কোচিং স্টাফের পক্ষ থেকেও শোকবার্তা ও ফুলের তোড়া পাঠানো হয়।

মেসি পরিবারের এই শোকের মুহূর্তে সমবেদনা জানিয়েছেন রোসারিওর মেয়র পাবলো জাভকিন। হোর্হে মেসির শেষকৃত্য নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্জেন্টিনার পেশাদার ও যুব ফুটবলের চলতি সপ্তাহের সব ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। এএফএর নির্দেশনায় খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরেও মাঠে নামতে বলা হয়।

মেসির শৈশবের ক্লাব আবানদেরাদো গ্রানদোলিও স্মরণ করেছে হোর্হেকে। মাত্র চার বছর বয়সে যে ক্লাব থেকে মেসির ফুটবলযাত্রার শুরু, সেই ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে হোর্হে মেসি, ছোট্ট লিওনেল ও অন্য শিশুদের একটি পুরোনো ছবি প্রকাশ করা হয়।

সঙ্গে দেওয়া বার্তায় ক্লাবটি জানায়, “হোর্হে মেসি আমাদের ইতিহাসের অংশ ছিলেন এবং আমাদের ক্লাবের একজন কোচও ছিলেন। এখানেই তিনি ছোট্ট লিওনেলের প্রথম দিনগুলোতে পাশে ছিলেন, যে পরবর্তী সময়ে বিশ্ব ফুটবলে ইতিহাস গড়েছে”।

মেসির প্রতি ভালোবাসা জানিয়ে ক্লাবটি আরও লিখেছে, “আমরা তোমাকে শক্ত করে জড়িয়ে ধরছি, লিও। আমাদের ইতিহাসের অংশ হওয়ার জন্য ধন্যবাদ, হোর্হে”।

বাবার মৃত্যুর শোকের কারণে শনিবার ইন্টার মায়ামির লিগস কাপের ম্যাচে মাঠে ছিলেন না মেসি। তবে মাঠে তার অনুপস্থিতি যেন অনুভবই করতে দেননি ঘনিষ্ঠ বন্ধু রদ্রিগো ডি পল। মন্টেরের বিপক্ষে ম্যাচের ৩১তম মিনিটে দুর্দান্ত এক গোল করে মেসিকে স্মরণ করেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। গোলের পরপরই জার্সি খুলে ফেলেন ডি পল। আর তখনই প্রকাশ্যে আসে তার পরনে থাকা টি-শার্টে মেসির বিখ্যাত ১০ নম্বরের প্রতীক।

শোকাহত বন্ধু ও সতীর্থের প্রতি ভালোবাসা এবং সমর্থনের বার্তা হিসেবেই ডি পলের এই উদযাপনকে দেখছেন ফুটবলপ্রেমীরা। মেসির বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচ শুরুর আগেও দুই দলের খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করেন। গ্যালারিতে থাকা মায়ামির সমর্থকেরাও ব্যানার ও প্ল্যাকার্ডে লিখে জানান, ‘শক্ত থাকো, লিও।’

মাঠে ছিলেন না লিওনেল মেসি, কিন্তু তার উপস্থিতি যেন অনুভব করল পুরো স্টেডিয়াম। বন্ধুর কঠিন সময়ে ডি পলের এই আবেগঘন শ্রদ্ধা আরেকবার মনে করিয়ে দিল ফুটবলের মাঠের সম্পর্ক কখনো কখনো মাঠের বাইরেও কতটা গভীর হয়ে ওঠে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা