রবিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম পরিদশন করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: বাফুফে
রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার স্টেডিয়াম পরিদর্শনের পর দায়িত্বে অবহেলার অভিযোগে প্রশাসক শফি কামালকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ড্রেসিংরুম, ওয়াশরুম, প্রেস বক্স এবং সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলোবালি ও আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন। তীব্র গরমের মধ্যেও উপযুক্ত পরিবেশ না থাকায় খেলোয়াড়দের ড্রেসিংরুম ছেড়ে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে দেখা যায়। প্রতিমন্ত্রী জানান, প্রায় দুমাস আগে পরিদর্শন করে স্টেডিয়ামের ছাদের অবৈধ স্থাপনা ও ময়লা-আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রশাসকের অবহেলার কারণে কোনো অগ্রগতি হয়নি। ফলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগেও অনেক বছর ধরে মিডিয়ায় এই স্টেডিয়ামের নানা অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ নিয়ে অনেক প্রতিবেদন প্রকাশিত হলেও বিগত কোনো ক্রীড়া প্রতিমন্ত্রী, ক্রীড়া উপমন্ত্রী ও ক্রীড়া উপদেষ্টা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি। এক্ষেত্রে আমিনুলই ব্যতিক্রম।
স্টেডিয়ামটির সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একটি পূর্ণাঙ্গ প্রতিনিধিদল বিস্তারিত পরিদর্শন করে দ্রুত সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি স্টেডিয়ামটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নীতিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তরের সিদ্ধান্তের কথাও তিনি নিশ্চিত করেন।
সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, স্টেডিয়ামগুলোর মৌলিক পরিবেশ পুনরুদ্ধারে এনএসসি ও মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেকোনো স্থানে অনিয়ম বা সমস্যা চোখে পড়লে তা দ্রুত অবগত করার জন্য সাংবাদিকসহ ক্রীড়া সংশ্লিষ্ট সবার সহযোগিতার আহ্বান জানান তিনি।