× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

না ফেরার দেশে মেসির বাবা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ২১:১৭ পিএম

বাবা-মায়ের সঙ্গে লিওনেল মেসি। ছবি: ইনস্টাগ্রাম

বাবা-মায়ের সঙ্গে লিওনেল মেসি। ছবি: ইনস্টাগ্রাম

দীর্ঘদিন ধরে এক প্রাণঘাতী রোগের সঙ্গে লড়াইয়ের পর ৬৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি।

আর্জেন্টিনার রোসারিও শহরের একটি মেডিক্যাল ক্লিনিকে শুক্রবার রাতে মারা যান তিনি।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন হোর্হে। বিশ্বকাপের সময় এবং তারপরেও অসুস্থতার সাথে লড়াই করে যাচ্ছিলেন তিনি।

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা অধিনায়কের বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে শনিবার বিবৃতি দিয়েছে কনমেবল। সেখানে মেসির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়, “কনমেবল আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির বাবা হোর্হে মেসির প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে। গভীর শোকের এই মুহূর্তে আমরা লিওনেল, তার পরিবার, বন্ধু-স্বজন এবং প্রিয়জনদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি”।

বিশ্বকাপের জন্য কানসাস সিটিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর প্রায় দুই মাস মেসি নিজের বাবার দেখা পাননি। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম গোলটি করার পর মেসির চোখের জলই প্রথম বার্তা দিয়েছিল, তার বাবা কতটা সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমনকি টুর্নামেন্ট চলাকালীনই বাবাকে দেখতে আর্জেন্টিনা যাওয়ার কথা ভেবেছিলেন তিনি।


হাসপাতাল এবং রোজারিওর বাড়িতেই কাটছিল হোর্হের দিনগুলো। তার পাশে সব সময় ছিলেন স্ত্রী সেলিয়া, যিনি নিজেও সফরে যাননি। তাদের অন্য সন্তান-রোদ্রিগো, মাটিয়াস এবং মারিয়া সোল বাবাকে মানসিক সমর্থন দিতে নিয়মিত যাতায়াত করছিলেন। অন্যদিকে লিওনেল মেসিও দূর থেকেই বারবার বাবার শারীরিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছিলেন।

হোর্হে মেসি কেবল ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির বাবা নন, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই বিস্ময় গড়ে ওঠার পেছনেও তার ভূমিকা ছিল অপরিসীম। 

১৯৫৮ সালের ১ জানুয়ারি রোজারিওতে জন্মগ্রহণ করেন হোর্হে। একটি মেটাল কারখানায় বছরের পর বছর কাজ করেছেন তিনি। পরবর্তীতে চারপাশ ঘিরে যে মিডিয়ার আলো আর ক্যামেরার ঝলকানি তৈরি হয়েছিল, তা থেকে দূরে থেকে পরিবার নিয়ে অতি সাধারণ জীবনযাপন করতেন।

ফুটবলে লিও মেসির শুরুর দিক থেকেই বাবা হিসেবে হোর্হের ভূমিকা ছিল অনন্য, তবে এজেন্ট এবং পেশাদার ক্যারিয়ারের ম্যানেজার হিসেবে তার ভূমিকা ছিল আরও বেশি গুরুত্বপূর্ণ। স্ত্রী সেলিয়া কুচ্চিত্তিনির সঙ্গে এক শক্ত পারিবারিক বাঁধনে হাত ধরে হেঁটেছেন তিনি; প্রথমে রোজারিও, তারপর বার্সেলোনা এবং পরবর্তীতে মিলানে ছিল তাদের সংসার। 

হোর্হে-সেলিয়া দম্পতির চার সন্তান লিওনেল মেসি, রদ্রিগো, মাটিয়াস এবং মারিয়া সোল। বছরের পর বছর ধরে পরিবারের সবাই প্রচারের আড়ালে থেকে সাধারণ জীবন বজায় রেখেছেন, তবে লিওর ক্যারিয়ার এবং দৈনন্দিন জীবনে তাদের সব সময়ই একটা নিবিড় ছায়া ছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা