× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্সাতে নয়, মায়ামিতে থাকছেন থিয়াগো মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৩:১২ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৬ ১৩:১৫ পিএম

লিওনেল মেসি ও তার বড় ছেলে থিয়াগো মেসি। ছবি: সেম্পি বার্সা

লিওনেল মেসি ও তার বড় ছেলে থিয়াগো মেসি। ছবি: সেম্পি বার্সা

লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক যেন ফুটবল ইতিহাসেরই এক অবিচ্ছেদ্য অধ্যায়। কাতালান ক্লাবটির জার্সিতে তার বেড়ে ওঠা, তারকা হয়ে ওঠা, ইতিহাস লেখাÑ সবকিছু মিলিয়ে মেসি ও বার্সেলোনা নাম দুটি আজও পাশাপাশি উচ্চারিত হয়। তাই মেসির বড় ছেলে থিয়াগো মেসিকে ঘিরে বার্সেলোনার যুব একাডেমিতে যোগ দেওয়ার খবর ছড়াতেই তা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। কিন্তু সেই গুঞ্জনে নিজেই জল ঢেলে দিলেন মেসি।

সামাজিক মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়ে, ১৩ বছর বয়সী থিয়াগো ইন্টার মায়ামির যুবদল ছেড়ে বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়ার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন। বিভিন্ন প্রতিবেদনে এমন দাবিও করা হয়েছিল। কিন্তু বাস্তবে এর কোনো ভিত্তি নেই।

বিষয়টি পরিষ্কার হয়ে যায় অ্যাটলেটিকো সান লুইসের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচের আগে। ম্যাচে নামার আগে স্টেডিয়ামে ঢোকার সময় সাংবাদিক ব্রুনো ভেইন সরাসরি মেসির কাছে জানতে চান, ‘থিয়াগুইতো কি চলে যাচ্ছে?’ প্রশ্নটি শুনে থমকে দাঁড়াননি মেসি। সতীর্থ রদ্রিগো দে পলের সঙ্গে হাঁটতে হাঁটতেই শান্ত, দৃঢ় কণ্ঠে একটি মাত্র শব্দ উচ্চারণ করেনÑ ‘না।’

মেসির সেই এক শব্দের উত্তরই যেন থিয়াগোর ভবিষ্যৎ নিয়ে ছড়িয়ে পড়া সব জল্পনার ইতি টেনে দিয়েছে। অর্থাৎ আপাতত ইন্টার মায়ামিতেই ফুটবল প্রশিক্ষণ চালিয়ে যাবে মেসির বড় ছেলে।

আর সেদিন মাঠেও বাবার জন্য ছিল আনন্দের রাত। অ্যাটলেটিকো সান লুইসকে ৪-২ গোলে হারানোর ম্যাচে মেসি জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন। মাঠে নিজের চেনা জাদু দেখানোর পর মাঠের বাইরেও ছেলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া প্রশ্নের উত্তর দিয়ে দিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।

থিয়াগোর ফুটবলযাত্রা অবশ্য শুরু থেকেই বাবার ছায়া অনুসরণ করে হলেও তার পথ পুরোপুরি একই নয়। ২০২৩ সালে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থিয়াগোও ক্লাবটির যুব কাঠামোর সঙ্গে যুক্ত হয়। সেখানে মূলত মিডফিল্ডার হিসেবেই খেলছে সে।

এর আগে বাবার ক্যারিয়ারের সূত্র ধরে থিয়াগোর ফুটবলশিক্ষার শুরু হয়েছিল বার্সেলোনার যুব কাঠামোতে। পরে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) একাডেমিতেও খেলেছে সে। ফলে বার্সেলোনার সঙ্গে তার সম্পর্ক একেবারে নতুন নয়। তবে এখনই আবার কাতালান ক্লাবে ফেরার কোনো পরিকল্পনা নেই বলেই মেসির বক্তব্যে স্পষ্ট হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা