× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির সিদ্ধান্ত মেসি নেবেন: তাপিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৭:৪০ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ১৮:২৭ পিএম

লিওনেল মেসি। ফাইল ছবি

লিওনেল মেসি। ফাইল ছবি

বিশ্বকাপ শেষ। কিন্তু মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন শেষ হয়নি। ফুটবলবিশ্বের সেই পুরনো প্রশ্ন আবারও ফিরে এসেছে। মেসি কি আরও খেলবেন? নাকি এবার সত্যিই তুলে রাখবেন আলবিসেলেস্তের জার্সি? আর্জেন্টিনার কোটি সমর্থকের মতো এই প্রশ্নের উত্তর জানেন না দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াও। তবে তিনি একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন—মেসির ভবিষ্যৎ নিয়ে কোনো তাড়াহুড়ো করা চলবে না। সিদ্ধান্তটা নিতে হবে মেসিকেই।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপিয়া মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনায় না জড়িয়ে তাকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার ভাষ্য, জাতীয় দলের হয়ে মেসি থাকবেন কি না, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বলেন, “এটি পুরোপুরি তার নিজের একটি ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের উচিত তাকে এখন শান্তিতে থাকতে দেওয়া।”

আর্জেন্টিনা ফুটবলের সর্বোচ্চ কর্তার কথায় যেন মেসিকে আঁকড়ে ধরে রাখার কোনো আকুতি নেই, নেই বিদায়ের আগাম ঘোষণাও। বরং আছে একজন কিংবদন্তিকে তার নিজের মতো করে শেষ সিদ্ধান্তটি নেওয়ার সুযোগ করে দেওয়ার পরিণত বোধ।

তাপিয়া মনে করিয়ে দিয়েছেন, ২০২২ বিশ্বকাপের আগেও একই প্রশ্ন উঠেছিল। তখনও কেউ নিশ্চিত ছিলেন না মেসি পরের বিশ্বকাপে খেলবেন কি না। মেসি নিজেও ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দেননি। তার দর্শন ছিল সহজ-এক ম্যাচ করে এগিয়ে যাওয়া, মুহূর্তটাকে উপভোগ করা। চার বছর পর আবারও সেই একই জায়গায় দাঁড়িয়ে আর্জেন্টিনা। তবে এবারের গল্পটা কিছুটা আলাদা। কারণ ৩৭ বছর বয়সী মেসি বিশ্বকাপের মঞ্চে বয়সকে যেন কেবল একটি সংখ্যা বানিয়ে দিয়েছিলেন। স্পেনের কাছে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হলেও পুরো টুর্নামেন্টে তার পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। আট গোলের সঙ্গে চারটি অ্যাসিস্ট-সংখ্যাগুলোই বলে দেয়, বয়স তাকে থামাতে পারেনি।

বিশ্বকাপে মেসি দুর্দান্ত ছিলেন, আর্জেন্টিনাও লড়েছে; কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপের ট্রফি তাদের হাতে ওঠেনি। স্পেনের কাছে ফাইনালের সেই হার এখনও নিশ্চয়ই পোড়াচ্ছে আলবিসেলেস্তেদের। তবু সেই বেদনার মধ্যেও মেসিকে নিয়ে তাপিয়ার কণ্ঠে হতাশার চেয়ে গর্বই বেশি। তিনি বলেন, মেসির মতো একজন ফুটবলারকে পাওয়া শুধু একটি দলের সৌভাগ্য নয়; একটি প্রজন্মের সৌভাগ্য। তাই তাকে ধরে রাখার জন্য কোনো চাপ তৈরি করতে চান না এএফএ সভাপতি।

কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও তাপিয়ার অবস্থান স্পষ্ট। তার ভাষায়, স্কালোনিই আর্জেন্টিনার ‘প্ল্যান এ, বি এবং সি’। অর্থাৎ কোচের ওপর আস্থার জায়গাটি যেমন অটুট, তেমনি মেসির ক্ষেত্রেও কোনো বিকল্প পরিকল্পনা চাপিয়ে দিতে চান না তারা। আর মেসির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা বলতে গিয়ে তাপিয়ার কণ্ঠে ফুটে উঠেছে আরও গভীর আবেগ।

বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ম্যাচের পর মেসির সঙ্গে দেখা হয়েছে তার। ছিল কোলাকুলি, ছিল কয়েক মুহূর্তের কথোপকথন। বাইরে থেকে হয়তো সেসব মুহূর্ত খুব সাধারণ। কিন্তু তাপিয়ার কাছে সেগুলোই হয়ে উঠেছে অমূল্য স্মৃতি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা