ফিফা বিশ্বকাপ শেষে ক্লাবে ফিরে শুরুর একাদশে নেমেই ঝলক দেখালেন লিওনেল মেসি। ছবি: ফক্স স্পোর্টস
ফিফা বিশ্বকাপ শেষে ক্লাবে ফিরে শুরুর একাদশে নেমেই ঝলক দেখালেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার জোড়া গোল ও একটি অ্যাসিস্টে ভর করে ২০২৬ লিগস কাপের উদ্বোধনী ম্যাচে আতলেতিকো দে সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। মায়ামির এনইউ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পিছিয়ে পড়েও দাপুটে জয় তুলে নেয় স্বাগতিকরা।
ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি ইন্টার মায়ামির। চতুর্থ মিনিটেই ডেভিড রদ্রিগেসের হেডে এগিয়ে যায় সান লুইস। তবে সেই আনন্দ বেশি সময় স্থায়ী হতে দেননি মেসি। কয়েক মিনিটের মধ্যেই নোয়া অ্যালেনের নিখুঁত ক্রস থেকে অসাধারণ এক ভলিতে সমতায় ফেরান দলকে। মেসির প্রথম গোলের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মায়ামির কোচ গিয়ের্মো হোয়োস। তার ভাষায়, ‘ওই গোলটি ছিল যেন শিল্পের এক অনন্য সৃষ্টি। যদি ফুটবলকে চিত্রকলার সঙ্গে তুলনা করা হয়, তাহলে সেটি ছিল একেবারে পিকাসোর আঁকা ছবি।’
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে নোয়া অ্যালেনের আরেকটি দারুণ পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন তেলাস্কো সেগোভিয়া। সেই গোলেও অ্যাসিস্ট করেন মেসি। এরপর আবারও অ্যালেনের পাস থেকেই দুর্দান্ত ড্রিবলিংয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই কর্নার থেকে হেডে মিকায়েলের গোল মায়ামির ব্যবধান বাড়িয়ে ৪-১ করে।
দ্বিতীয়ার্ধে রাফা লোরেন্তের দুর্দান্ত দূরপাল্লার শটে একটি গোল শোধ করে সান লুইস। তবে প্রবল বৃষ্টির কারণে খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও ফিরে এসে আর ম্যাচে ফেরার সুযোগ তৈরি করতে পারেনি মেক্সিকান ক্লাবটি। শেষ পর্যন্ত ৪-২ গোলের স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
এই ম্যাচে জোড়া গোল করে লিগস কাপের ইতিহাসেও নতুন মাইলফলক স্পর্শ করেছেন মেসি। সম্প্রসারিত ফরম্যাটে ২০২৩ সাল থেকে শুরু হওয়া টুর্নামেন্টে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে, যা প্রতিযোগিতার সর্বোচ্চ। তিনি ছাড়িয়ে গেছেন লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গাকে। পাশাপাশি লিগস কাপে এটি মেসির ক্যারিয়ারের পঞ্চম বহু গোলের ম্যাচ। লিগস কাপে ইন্টার মায়ামির পরবর্তী প্রতিপক্ষ মেক্সিকোর শক্তিশালী ক্লাব মনতেরে। ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার।