× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সতীর্থদের ব্যাটিং ব্যর্থতার দিনে মিরাজের বীরত্ব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৯:২০ পিএম

অপরাজিত ১০৯ রান করেন মেহেদী হাসান মিরাজ। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

অপরাজিত ১০৯ রান করেন মেহেদী হাসান মিরাজ। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

চূড়ান্ত লড়াইয়ের আগে ডারউইনে ব্যাটিং বিপর্যয়ের মুখে একাই লড়াই করলেন মেহেদি হাসান মিরাজ। সতীর্থদের ব্যর্থতার দিনে তার অপরাজিত সেঞ্চুরিতেই প্রস্তুতি ম্যাচে সম্মানজনক সংগ্রহ করে বাংলাদেশ।

ডারউইনের মারারা ওভালে বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম দিনে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ২৬৩ রানে।

সাত নম্বরে নেমে ১৪১ বলে ১১ চার ও ৪ ছক্কায় অপরাজিত ১০৯ রান করেন মিরাজ। দিনের খেলা শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ২ উইকেটে ৫২ রান তুলেছে।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খায় বাংলাদেশ। তৃতীয় ওভারেই শূন্য রানে ফিরে যান তানজিদ হাসান। এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হক কিছুটা প্রতিরোধ গড়লেও বড় ইনিংস খেলতে পারেননি কেউই।

৪৭ বলে ৩১ রান করে সাদমান এবং ৫৮ বলে ১৬ রান করে ফেরেন মুমিনুল। সবচেয়ে বড় ধাক্কা আসে অভিজ্ঞ মুশফিকুর রহিমের বিদায়ে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার অপেক্ষায় থাকা অভিজ্ঞ এই ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। ৬১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অমিত হাসান কিছুটা প্রতিরোধ গড়েন। শান্ত আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭ চারে ৩৭ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। অমিতও ১৫ রান করে বিদায় নেন।

১১০ রানে ৬ উইকেট হারিয়ে বড় বিপদের মুখে পড়ে সফরকারীরা। সেখান থেকেই শুরু মিরাজের লড়াই। প্রথমে সৌম্য সরকারের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন। সৌম্য ১৬ রান করে ফিরলেও মিরাজ থামেননি। পরে তাইজুল ইসলাম ও হাসান মাহমুদের ছোট ছোট অবদানের পর শেষ ব্যাটসম্যান খালেদ আহমেদকে নিয়ে অসাধারণ ব্যাটিং করেন তিনি।

খালেদ ১৫ রান করলেও শেষ উইকেটে তার সঙ্গে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মিরাজ। ১২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ইনিংসজুড়ে ছিল আত্মবিশ্বাসী শট, দারুণ টাইমিং এবং স্পিন মোকাবিলায় দক্ষতার পরিচয় দেন। বিশেষ করে শেষ দিকে টানা কয়েকটি ছক্কায় রান তোলার গতি বাড়িয়ে দলের সংগ্রহকে সম্মানজনক পর্যায়ে নিয়ে যান।

বাংলাদেশের ব্যাটিং ধসের প্রধান কারিগর ছিলেন অফ স্পিনার কোরি রকিচ্চলি। শেফিল্ড শিল্ডের গত তিন মৌসুমের সর্বোচ্চ উইকেটশিকারি এই স্পিনার ৮৩ রানে ৬ উইকেট নেন। ডারউইনের স্পিন-সহায়ক উইকেটে তার বোলিং বাংলাদেশের ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষাই হয়ে দাঁড়ায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে ন্যাথান লায়নের মতো স্পিনারের বিপক্ষে কী ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তারও একটি ইঙ্গিত মিলেছে এই ম্যাচে।

ব্যাটিং শেষে বল হাতেও দারুণ শুরু করে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদ ফেরান তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে। এরপর তাসকিন আহমেদ শূন্য রানে বোল্ড করেন ক্যাম্পবেল কেলাওয়েকে। তবে দুই উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। অধিনায়ক কার্টিস প্যাটারসন ও জশ ফিলিপি আর কোনো উইকেট পড়তে দেননি। দুজন মিলে অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি গড়ে দিন শেষ করেন। ফলে প্রথম দিনের শেষে ২ উইকেটে ৫২ রান নিয়ে স্বস্তিতেই রয়েছে স্বাগতিকরা। ব্যাট হাতে মিরাজের সেঞ্চুরি বাংলাদেশের জন্য যেমন বড় প্রাপ্তি, তেমনি অস্ট্রেলিয়া সফরের আগে তার এই ইনিংস দলের আত্মবিশ্বাসও বাড়াবে। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতা এখনও উদ্বেগের বড় কারণ হয়েই থাকল।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা