কংগ্রেসে ভাষণ দিচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রির বিতর্কিত পরিকল্পনা ঘিরে সৃষ্ট তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত নিজেদের ভুল স্বীকার করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পুরো প্রক্রিয়া পরিচালনায় ভুল হয়েছে এবং সে জন্য ফিফা কাউন্সিল ও সদস্য দেশগুলোর ফুটবল সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হয়েছে।
একই সঙ্গে মরক্কোতে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে উপস্থিত জ্যেষ্ঠ কর্মকর্তারা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম এবং ম্যানেজমেন্ট বোর্ডের সদস্যরা বৈঠকে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
বিতর্কের সূত্রপাত হয় ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের ভবিষ্যৎ আয়ের একটি অংশ বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ঘিরে।
ফিফা স্বীকার করেছে, পরিকল্পনাটি যেভাবে উপস্থাপন ও পরিচালনা করা হয়েছে, তা সঠিক ছিল না।
সংস্থাটি প্রতিশ্রুতি দিয়েছে, ভবিষ্যতে এমন ভুল আর হবে না এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করা হবে।
তবে ভুল স্বীকারের পাশাপাশি কঠোর বার্তাও দিয়েছে ফিফা। সংস্থাটি বলেছে, তাদের সততা, সুশাসন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে ‘ভিত্তিহীন আক্রমণ’ আর সহ্য করা হবে না। ফিফার সুনাম ও মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ইউরোপের শীর্ষ লিগগুলোর সংগঠন যার সদস্য প্রিমিয়ার লিগ, লা লিগা ও সেরি এ ফিফার প্রশাসনিক কাঠামো সংস্কারের দাবি জানিয়েছে। সংগঠনটির ভাষ্য, ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ প্রস্তাব ছিল ‘বিপজ্জনক’ এবং এটি ফিফার অভ্যন্তরীণ শাসনব্যবস্থা, সাংগঠনিক সংস্কৃতি ও সিদ্ধান্ত গ্রহণের ধরন নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
এদিকে ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনও সরাসরি নাকচ করে দিয়েছে ফিফা। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, নিজের নেতৃত্বের প্রতি সমর্থন নিশ্চিত করতে ইনফান্তিনো নাকি মরক্কোকে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে ফিফার একজন মুখপাত্র এটিকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করে জানান, ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, সে সিদ্ধান্ত যথাসময়ে ফিফাই নেবে। আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য লড়তে চান জিয়ান্নি ইনফান্তিনো।