অনুশীলনে ব্যাস্ত সময় পার করছেন হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটে এখন একই সময়ে চলছে জাতীয় দল, ‘এ’ দল, হাই পারফরম্যান্স (এইচপি) দল ও অনূর্ধ্ব-২৩ দলের প্রস্তুতি। একদিকে সামনে একাধিক বিদেশ সফর, অন্যদিকে জাতীয় দলের জন্য শক্তিশালী ব্যাকআপ তৈরির চ্যালেঞ্জ। বাংলাদেশ ‘এ’ দলের কোচ মিজানুর রহমান বাবুল মতে, এখনই জাতীয় দলের শূন্যস্থান পূরণ করার মতো সব খেলোয়াড় প্রস্তুত না হলেও ভবিষ্যতের জন্য আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। গতকাল বুধবার দুপুরে মিরপুরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে গত মাসের ১১ তারিখ থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। ১৬ তারিখ পর্যন্ত চলবে এই ক্যাম্প। দীর্ঘ সময় ঘরোয়া ক্রিকেট খেলার পর ক্রিকেটারদের স্কিল ও ফিটনেসে নতুন করে শান দিতেই শুরুতে গুরুত্ব দেওয়া হয়েছে ব্লক ট্রেনিংয়ে। কোচ বলেন, ‘অনেক দিন প্রিমিয়ার লিগ খেলার পর আমরা শুরুতে ফিটনেস ও স্কিল ট্রেনিংয়ে জোর দিয়েছি। খেলতে খেলতে অনেক সময় কিছু স্কিল ছুটে যায়। সেগুলো ফিরিয়ে আনতেই ইনডোরে ব্লক ট্রেনিং করেছি। সামনে দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে খেলতে হবে, তাই সেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতিও চলছে।’
দক্ষিণ আফ্রিকায় চলমান টেস্ট সিরিজও নিয়মিত পর্যবেক্ষণ করছেন কোচিং স্টাফ। খেলোয়াড়দের ম্যাচ দেখার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে সফরের আগেই সেখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা নিতে পারে তারা। ‘প্রতিদিনই ম্যাচ দেখি। খেলোয়াড়দেরও বল টু বল ম্যাচ দেখার জন্য লিংক দিই। ওখানকার বাউন্স, বোলারদের ধরন কিংবা কোন ধরনের শট কার্যকর হতে পারেÑ এসব বুঝে নেওয়ার চেষ্টা করছি। এটি আমাদের জন্য কঠিন একটি সফর হবে,’ বলেন তিনি।
সম্প্রতি জাতীয় দলের হয়ে খেলা সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়দের ব্যাটিং নিয়েও আলাদা কাজ করছেন কোচরা। তাদের দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে অনুশীলনে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সাইফের সাম্প্রতিক পারফরম্যান্স প্রসঙ্গে কোচের ব্যাখ্যা, ‘সব খেলোয়াড় সব সময় একই রকম খেলতে পারে না। যারা সব সংস্করণে নিয়মিত খেলে, তাদের স্কিলে কিছু পরিবর্তন আসে। টি-টোয়েন্টিতে বেশি আক্রমণাত্মক খেলতে গিয়ে অনেক সময় ব্যাটিংয়ের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়। আমরা সেই জায়গাগুলো নিয়ে কাজ করেছি। নেটে সাইফের উন্নতি চোখে পড়ছে।’
আফিফ হোসেনের আদর্শ ব্যাটিং পজিশন নিয়েও নিজের মত দিয়েছেন তিনি। তার বিশ্বাস, চার বা পাঁচ নম্বরেই আফিফ সবচেয়ে কার্যকর। কারণ বড় শটের চেয়ে ইনিংস গড়ে তোলা, স্ট্রাইক রোটেশন এবং পরে ইনিংসের গতি বাড়ানোর সামর্থ্যই আফিফের সবচেয়ে বড় শক্তি। একই সময়ে একাধিক দলের বিদেশ সফর থাকায় পেস বোলারদের ব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই কোচ। তার আশা, যারা ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকায় খেলছে, তারা সেখানকার অভিজ্ঞতা নিয়ে ‘এ’ দলে যোগ দিলে অন্যদেরও উপকার হবে। তবে জাতীয় দলের জন্য পর্যাপ্ত ব্যাকআপ তৈরির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি বলে স্বীকার করেছেন তিনি। কোচের ভাষায়, ‘জাতীয় দলে আমাদের কয়েকজন পেসার এখন খেলতে পারছে না। আগে পেস বোলিং ইউনিটটা অনেক সমৃদ্ধ ছিল। সেই মানের ব্যাকআপ এখনও পুরোপুরি তৈরি করতে পারিনি। তবে পাইপলাইনে যেসব বোলার আছে, তাদের সময় দিতে হবে। রানার মতো ছেলেরা সুযোগ পেলে ভবিষ্যতে আরও শক্তিশালী পেস বোলিং ইউনিট গড়ে উঠবে।’ সাব্বির রহমানকে নিয়ে প্রশ্ন করা হলে মন্তব্য করতে চাননি এই কোচ। তিনি জানান, সম্প্রতি সাব্বিরের সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। বর্তমানে এইচপি দলের সঙ্গে থাকায় তার সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে মন্তব্য করা ঠিক হবে না বলেই মনে করেন তিনি।