কমনওয়েলথ গেমসে গিয়ে নিখোঁজ হওয়া পাকিস্তানের বক্সার কুদরতুল্লা। ছবি: আরব নিউজ
বিদেশ সফরে গিয়ে পাকিস্তানি বক্সারদের নিখোঁজ হওয়ার ঘটনা যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হলো আরেকটি নাম। কমনওয়েলথ গেমসে স্কটল্যান্ডের গ্লাসগো সফরে গিয়ে নিখোঁজ হয়েছেন পাকিস্তানের বক্সার কুদরতুল্লা। এ ঘটনায় আবারও প্রশ্নের মুখে পড়েছে পাকিস্তান বক্সিং ফেডারেশনের তদারকি ও খেলোয়াড় ব্যবস্থাপনা।
পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রতিযোগিতায় নিজের ইভেন্ট শেষ হওয়ার পর দলের সঙ্গে হোটেলেই ছিলেন কুদরতুল্লা। কিন্তু দেশে ফেরার নির্ধারিত বিমানে ওঠার প্রায় ছয় ঘণ্টা আগে হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান। বিস্ময়কর বিষয় হলো, তার পাসপোর্ট তখনও দলের ম্যানেজারের কাছেই ছিল।
পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানান, পাসপোর্ট ছাড়াই কুদরতুল্লার নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত রহস্যজনক। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে এবং গ্লাসগো পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
ষাট কেজি ওজন শ্রেণিতে অংশ নেওয়া কুদরতুল্লা প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব থেকেই বিদায় নেন। এরপর দলের সঙ্গে দেশে ফেরার কথা থাকলেও শেষ মুহূর্তে তার রহস্যজনক অন্তর্ধান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তবে পাকিস্তানি বক্সারদের বিদেশ সফরে নিখোঁজ হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০২২ সালে বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সে সময় পাকিস্তানের দুই বক্সার সুলেমান বালোচ ও নাজিরুল্লাহ খান দলের ম্যানেজারের কাছে পাসপোর্ট রেখে নিখোঁজ হয়ে যান।