রিশাদ হোসেন। ছবি: ইএসপিএন ক্রিকইনফো
বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের প্রতি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের আগ্রহ দিন দিন বাড়ছেই। সাকিব আল হাসানের পর আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন বাংলাদেশি ক্রিকেটারদের একজন হয়ে উঠেছেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে খেলার সুযোগ পেলেন রিশাদ।
আসন্ন আসরের জন্য সরাসরি চুক্তিতে রিশাদকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এবারই প্রথমবারের মতো এই লিগে মাঠে নামবেন জাতীয় দলের এই লেগ স্পিনার।
সানরাইজার্স ইস্টার্ন কেপের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। রিশাদের পাশাপাশি অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
রিশাদ মাঠে নামতে পারলে তিনিই হবেন এসএ টোয়েন্টিতে খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার। এর আগে সর্বশেষ আসরে তাইজুল ইসলাম দল পেলেও শেষ পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি। ফলে এখন পর্যন্ত এই লিগে বাংলাদেশের কোনো ক্রিকেটারের অভিষেক হয়নি।
এর আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলেছেন রিশাদ। এবার সেই অভিজ্ঞতার ঝুলিতে যোগ হতে যাচ্ছে এসএ টোয়েন্টিও।
এসএ টোয়েন্টির আগামী আসর শুরু হবে ৯ জানুয়ারি এবং চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের সম্ভাবনাও রয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকার লিগে অংশ নিলে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলে রিশাদকে নাও দেখা যেতে পারে। সর্বশেষ আসরেও বিপিএল না খেলে তিনি অংশ নিয়েছিলেন বিগ ব্যাশে।