দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ ইমার্জিং দল। ছবি: সংগৃহীত
প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ ইমার্জিং দল।
দুর্দান্ত বোলিংয়ে পাঁচ উইকেট শিকার করে জয়ের ভিত গড়ে দেন তরুণ পেসার ইকবাল হোসেন। পরে ব্যাট হাতে অপরাজিত ফিফটি করে দলের জয় সহজ করে দেন ইফতেখার হোসেন। প্রিটোরিয়ায় সোমবার রাতে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকার (ইউএসএসএ) বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ২৬ রানের জয় পেয়েছে জাকির হাসানের দল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৮৯ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হারের পর এটি সফরকারীদের প্রথম সাফল্য। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে ইউএসএসএ। উদ্বোধনী জুটিতে লুডউইচ শুল্ড ও জেসন মুয়ারহেড ১৩৫ বলে ১৪৮ রান যোগ করেন। তবে ২২তম ওভারে সেই জুটি ভাঙতেই ছন্দ হারায় স্বাগতিকরা। এরপর আর কোনো জুটি ৩০ রানও স্পর্শ করতে পারেনি। ৭১ বলে ৭২ রান করা শুল্ডকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রোহানাত উদ দৌলা বর্ষণ। এরপর আক্রমণের নেতৃত্ব নেন ইকবাল হোসেন। ৭৩ বলে ৭৯ রান করা মুয়ারহেডকে ফিরিয়ে প্রতিপক্ষের বড় সংগ্রহের সম্ভাবনা নষ্ট করেন তিনি। শেষ পর্যন্ত ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জেতেন ১৯ বছর বয়সী এই পেসার। তিন ওভার বাকি থাকতেই ২৪৮ রানে অলআউট হয় ইউএসএসএ। ২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। অধিনায়ক জাকির হাসান ১২, শাহাদাত হোসেন ১৮ এবং ওপেনার মাহফিজুল ইসলাম ৩৪ রান করে ফিরলে ৮০ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সেখান থেকেই প্রতিরোধ গড়েন ইফতেখার হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। দুজন মিলে অবিচ্ছিন্ন ১০৬ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন। ইফতেখার ৮৬ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় অপরাজিত ৭১ রান করেন। অন্য প্রান্তে ৬৮ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন মাহিদুল। বাংলাদেশ ৩৬ ওভারে ৩ উইকেটে ১৮৬ রান তোলার পর আলোকস্বল্পতার কারণে খেলা আর শুরু করা যায়নি। তখন ডিএলএস পদ্ধতিতে ২৬ রানে এগিয়ে থাকায় জয় নিশ্চিত হয় বাংলাদেশের। প্রথম ম্যাচের হতাশা ভুলে এই জয়ে সিরিজে আত্মবিশ্বাস ফিরে পেল বাংলাদেশ ইমার্জিং দল।
সংক্ষিপ্ত স্কোর
ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা
৪৭ ওভারে ২৪৮/১০
বাংলাদেশ ইমার্জিং দল
৩৬ ওভারে ১৮০/৩
ফল
বৃষ্টি আইনে বাংলাদেশ ইমার্জিং ২৬ রানে জয়ী
ম্যাচ সেরা
ইকবাল হোসেন ইমন