× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হান্নানের বিশ্বাস, অস্ট্রেলিয়ায় আগের চেয়ে ভালো করবে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৯:৫০ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৬ ১৯:৫৩ পিএম

অজিদের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে বাংলাদেশের খেলোয়াড়রা, ইনসেটে হান্নান সরকার। ছবি: বিসিবি

অজিদের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে বাংলাদেশের খেলোয়াড়রা, ইনসেটে হান্নান সরকার। ছবি: বিসিবি

দীর্ঘ ২৩ বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০০৩ সালের সর্বশেষ সফরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা সাবেক ওপেনার হান্নান সরকারের বিশ্বাস, আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমান বাংলাদেশ দল বেশি প্রস্তুত। তবে প্যাট কামিন্সদের বিপক্ষে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে বলেও মনে করেন তিনি।

মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২০০৩ সালের সফরের স্মৃতিচারণ করেন হান্নান। তিনি বলেন, সে সময়ের অস্ট্রেলিয়া ছিল বিশ্বক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দল। গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেস্পি, ব্রেট লি ও স্টুয়ার্ট ম্যাকগিলদের মতো বোলারদের মোকাবিলা করা ছিল বড় চ্যালেঞ্জ।

হান্নান জানান, সেই সফরেই প্রথমবার বাংলাদেশ দলের সঙ্গে একজন টিম অ্যানালিস্ট যুক্ত হয়েছিলেন, যা প্রতিপক্ষ সম্পর্কে ধারণা পেতে সহায়ক হয়েছিল। কেয়ার্নস টেস্টে দুই ইনিংসেই ফিফটি করা এই ওপেনারের ভাষ্য, বিশ্বের সেরা বোলিং আক্রমণের বিপক্ষে তাদের মূল লক্ষ্য ছিল ম্যাচটিকে যতটা সম্ভব দীর্ঘায়িত করা।

স্থানীয় গণমাধ্যম দুই দিনের মধ্যে টেস্ট শেষ হওয়ার পূর্বাভাস দিলেও বাংলাদেশ ম্যাচটি তিন থেকে চার দিন পর্যন্ত নিয়ে যেতে পেরেছিল, যা তিনি ইতিবাচক দিক হিসেবে দেখেন।

অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে শুরুতে কিছুটা শঙ্কা থাকলেও ভয় কাজ করেনি বলে জানান হান্নান। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় খেলার অভিজ্ঞতা এবং প্রস্তুতি ম্যাচে রান পাওয়ায় আত্মবিশ্বাস বেড়েছিল তার। কেয়ার্নসের ট্রু বাউন্সের উইকেটে ব্যাটিংও স্বস্তিদায়ক ছিল বলে উল্লেখ করেন তিনি।

তবে বর্তমান অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকেও কোনো অংশে কম শক্তিশালী মনে করেন না সাবেক এই ওপেনার। তার মতে, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও নাথান লায়নকে নিয়ে গড়া আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। ফলে বাংলাদেশের ব্যাটসম্যানদের এবারও কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।

তবে আগের সফরের তুলনায় বর্তমান বাংলাদেশ দল অনেক বেশি প্রস্তুত বলে মনে করেন হান্নান। তার ভাষ্য, এখন ক্রিকেটারদের হাতে ভিডিও বিশ্লেষণসহ আধুনিক প্রযুক্তির সুবিধা রয়েছে। প্রতিপক্ষের বোলারদের সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়েই মাঠে নামতে পারবেন তারা। তাই এবার আগের চেয়ে ভালো পারফরম্যান্সের আশা করছেন তিনি।

ব্যাটসম্যানদের উদ্দেশে হান্নানের পরামর্শ, অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে শুরুতে ড্রাইভ খেলে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। অফ স্ট্যাম্পের বাইরের বল ছেড়ে দেওয়ার দক্ষতা ও ধৈর্যই হবে সফলতার মূল চাবিকাঠি।

তার ভাষায়, “পেসাররা প্রলোভন দেখিয়ে শট খেলাতে চাইবে। তাই কোন বল খেলতে হবে আর কোনটি ছাড়তে হবে, সেটি ঠিকভাবে নির্ধারণ করতে পারলে বড় ইনিংস খেলা সম্ভব”।

বর্তমান টেস্ট ক্রিকেটে দ্রুত রান তোলার প্রবণতা বাড়লেও অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে পরিস্থিতি বুঝে ব্যাটিং করার পরামর্শ দেন তিনি। সেশনভিত্তিক পরিকল্পনা করে নিরাপদ শট বেছে নিয়ে রান সচল রাখাকেই কার্যকর কৌশল হিসেবে দেখছেন সাবেক এই ওপেনার।

তরুণ ব্যাটসম্যানদের নিয়েও আশাবাদী হান্নান। বিসিএল ও এনসিএলের মতো ঘরোয়া প্রতিযোগিতায় বড় ইনিংস খেলার অভিজ্ঞতা তাদের রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আন্তর্জাতিক পর্যায়ের কন্ডিশন ও মানসম্পন্ন বোলিংয়ের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারলেই সাফল্য আসবে”।

পাশাপাশি মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি তরুণদের জন্য বাড়তি সহায়তা হবে বলেও মন্তব্য করেন তিনি।

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের ৭০ রানে ৭ উইকেট ফেলে দেওয়ার সম্ভাবনাকে খুব বাস্তবসম্মত মনে না করলেও ক্রিকেটে অসম্ভব কিছু নেই বলে মন্তব্য করেন হান্নান। এমন কিছু ঘটলে সেটি বাংলাদেশের জন্য স্বপ্নের মতো হবে বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাভিস হেডকে থামানোর কৌশল নিয়ে হান্নানের পরামর্শ, তাকে পুরোপুরি আটকে রাখা কঠিন। তবে তার দুর্বল জায়গায় ধারাবাহিকভাবে বল করতে পারলে দ্রুত উইকেট নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

আর ডারউইনের উইকেটে স্পিনারদের কার্যকর হতে হলে শুরুতেই পেসারদের ব্রেকথ্রু এনে দিতে হবে বলে মনে করেন সাবেক এই ওপেনার। এরপর মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম রান নিয়ন্ত্রণের পাশাপাশি উইকেট শিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও বিশ্বাস তার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা