× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরোপের সমর্থন হারাচ্ছেন ইনফান্তিনো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৭:৪৫ পিএম

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স

ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার পর এবার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবং ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন (এফএডব্লিউ) প্রকাশ্যেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর অনাস্থার কথা জানিয়েছে।

এদিকে, ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ বাণিজ্যিকীকরণ পরিকল্পনা নিয়ে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনাটি ঘিরে ভবিষ্যতে সম্ভাব্য আইনি লড়াইয়ের অংশ হিসেবে ইনফান্তিনোকে সংশ্লিষ্ট কোনো নথি বা প্রমাণ নষ্ট না করার জন্য আনুষ্ঠানিকভাবে সতর্কও করেছে উয়েফা।

প্রতিবেদন অনুযায়ী, উয়েফা ফিফা সভাপতির কাছে একটি ডকুমেন্ট প্রিজারভেশন লেটার পাঠিয়েছে। সম্ভাব্য আইনি কার্যক্রমে প্রয়োজন হতে পারে এমন সব নথি, ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ নিশ্চিত করতেই এই আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সুশাসন, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, নেতৃত্ব, নৈতিক মূল্যবোধ, অংশীজনদের সঙ্গে সম্পর্ক, যোগাযোগ এবং বিচক্ষণতার ক্ষেত্রে একের পর এক ব্যর্থতার কারণে ইনফান্তিনো তাদের আস্থা হারিয়েছেন। সংস্থাটি আরও বলেছে, ‘ফুটবলের সর্বোচ্চ স্বার্থকে অগ্রাধিকার দিতে ব্যর্থ হওয়া এমন একটি ব্যর্থতা, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।’

বিবৃতিতে উয়েফাও জানিয়েছে, ফিফার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে পর্যালোচনার ক্ষেত্রে কোনো বিকল্পই উড়িয়ে দেওয়া উচিত নয়। প্রয়োজনে ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা ভোট আনার উদ্যোগও নেওয়া হতে পারে। ফিফার গঠনতন্ত্র অনুযায়ী, ২১১ সদস্য দেশের মধ্যে অন্তত ৪৩টি ফুটবল অ্যাসোসিয়েশন অনাস্থা ভোটের দাবি তুললেই বিশেষ কংগ্রেস ডাকা যেতে পারে। অন্যদিকে আফ্রিকা ও এশিয়ার বেশ কয়েকটি ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। মরক্কো, মিসর ও কাতার ফুটবল ফেডারেশন ইতোমধ্যেই তার পক্ষে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

এদিকে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থাগুলোর জোট কনকাকাফও ইনফান্তিনোর নেতৃত্বের পূর্ণাঙ্গ পর্যালোচনার দাবি তুলেছে। উয়েফা ও কনকাকাফ এই দুই কনফেডারেশনের সদস্যসংখ্যা মিলিয়ে মোট ৯৬টি ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে, যা ফিফার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচিত হয়।

সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, কনকাকাফের সভাপতি এবং বর্তমান ফিফা সহসভাপতি ভিক্টর মন্টাগ্লিয়ানি প্রয়োজনে ফিফা সভাপতির পদে প্রার্থী হতে প্রস্তুত আছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা