থমাস ডুলির কোচিং স্টাফে আরও তিন বিদেশি কোচ আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর মধ্যে সহকারী দুজন এবং একজন গোলকিপিং কোচ। ছবি: সংগৃহীত
থমাস ডুলির কোচিং স্টাফে আরও তিন বিদেশি কোচ আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর মধ্যে সহকারী দুজন এবং একজন গোলকিপিং কোচ।
গোলকিপিং কোচ হিসেবে বাংলাদেশে আসবেন জার্মানির ক্রিস্তিয়ান বারবুচাক। খেলোয়াড় হিসেবে স্লোভাকিয়া ও জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে বিভিন্ন ক্লাবে খেলেছেন ৪৯ বছর বয়সী এই কোচ।
২০০৩ সালে কোচিং ক্যারিয়ার শুরু বারবুচাকের। ২০১১-১২ মৌসুমে কাজাখস্তান জাতীয় দলের গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ ২০২৫-২৬ মৌসুমে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির লিগে পার্থ এফসির দায়িত্ব সামলেছেন। এবার বাংলাদেশ জাতীয় দলে শ্রাবণ, মিতুল মারমাদের কোচিং করানোর অপেক্ষায় তিনি।
দুজন সহকারী কোচের মধ্যে একজন ভিয়েতনামের এনগুয়েন হোয়াঙ ল্যান। এএফসির সি-লাইসেন্সধারী এই কোচ গায়ানা জাতীয় ফুটবল দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ভিয়েতনামের দ্বিতীয় বিভাগের ক্লাব ব্যাচ নিন এফসির সহকারী কোচ ছিলেন।
এ ছাড়া ডুলির কোচিং স্টাফে সহকারী হিসেবে আরেকজন হলেন জার্মানির রেনার্ড কার্ল স্টাম্ফ। ৬৪ বছর বয়সী সাবেক এই সেন্টার-ব্যাকের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। সৌদি প্রো লিগের ক্লাব আল শাবাব, আল ইত্তিফাকে হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। খেলোয়াড় হিসেবে গালাতাসারাই, এফসি কোলনে খেলেছেন ইউয়েফার প্রফেশনাল লাইসেন্সধারী এই কোচ।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে জাভিয়ের ক্যাবরেরা অধ্যায় শেষ হওয়ার পর হামজা-জামালদের ডাগ-আউটে আসেন থমাস ডুলি। নিজের প্রথম অ্যাসাইনমেন্টে সফল এই মার্কিন কোচ। তার অধীনে সান মারিনোর বিপক্ষে ২-১ গোলে জেতে বাংলাদেশ। এবার সাফ সামনে রেখে তিন বিদেশি কোচ আসছেন তার অধীনে। জানা গেছে, দেশের মধ্য থেকে আরও দুজন সহকারী কোচ চেয়েছেন ডুলি।