ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি বলেছেন, এখন কেবল আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার লক্ষ্য নয়, বরং প্রতিদ্বন্দ্বিতা করে ভালো ফল অর্জনই দলের মূল উদ্দেশ্য। ছবি: সংগৃহীত
দীর্ঘ ২৩ বছর পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর।
শনিবার রাতে দ্বিতীয় বহরের সঙ্গে দেশ ছেড়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনও। ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি বলেছেন, সময়ের সঙ্গে বদলেছে বাংলাদেশের মানসিকতা। এখন আর কেবল আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার লক্ষ্য নয়, বরং প্রতিদ্বন্দ্বিতা করে ভালো ফল অর্জনই দলের মূল উদ্দেশ্য। সাবেক ক্রিকেটার হাবিবুল বাশারের মতে, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের শুরুতে লক্ষ্য ছিল নিজেদের অবস্থান ধরে রাখা। তবে দুই দশকের বেশি সময় পেরিয়ে সেই বাস্তবতা বদলে গেছে। বর্তমান দল কঠিন প্রতিপক্ষের বিপক্ষেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায়।
এ ছাড়া বাশার বলেন, ‘চ্যালেঞ্জ তো ২৩ বছর আগেও ছিল, এখনও আছে। তবে ২৩ বছর আগের লক্ষ্যটা এক রকম ছিল, এখনকার লক্ষ্যটা ভিন্ন। তখন আমাদের মূল লক্ষ্য ছিল টিকে থাকা। এখন আমরা শুধু টিকে থাকতে যাচ্ছি না, আমরা ভালো কিছু করতে চাই।’ দলের জন্য ইতিবাচক খবর হিসেবে লিটন কুমার দাসের স্কোয়াডে ফেরাকে দেখছেন প্রধান নির্বাচক। তবে পেসার নাহিদ রানাকে পাওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে, চোট কাটিয়ে শরিফুল ইসলাম দলে ফিরতে পারলে সেটি দলের জন্য বড় স্বস্তির কারণ হবে বলেও মনে করেন তিনি। এ বিষয়ে বাশার বলেন, ‘আমাদের নিয়মিত সদস্য তিনজন বাইরে চলে গিয়েছিলÑ নাহিদ রানা, শরিফুল ও লিটন। লিটনকে ফিরে পেয়েছি, যা খুবই ভালো। নাহিদ রানাকে হয়তো পাব না। শরিফুলকে যদি পাই, তাহলে সেটা আমাদের জন্য আরও ভালো হবে। লিটন ফিরে আসায় আমাদের ব্যাটিংটা অবশ্যই আরও শক্তিশালী হয়েছে।’ অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সিরিজকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন প্রধান নির্বাচক। তবে তিনি বিশ্বাস করেন, দলের ক্রিকেটাররা আত্মবিশ্বাসী এবং নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। এই সফরকে স্মরণীয় করে রাখার লক্ষ্য নিয়েই তারা মাঠে নামবে। একই সাথে বাশারের ভাষায়, ‘আমার মনে হয়, সবাই খুব রোমাঞ্চিত। যাদের সঙ্গে কথা হয়েছে, সবাই এখানে বিশেষ কিছু করে ক্যারিয়ার মনে রাখার মতো অর্জন করতে চায়। আমরা জানি, চ্যালেঞ্জটা অনেক বড়। অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল। কিন্তু সবাই এমন কিছু করতে চায়, যেটা সারা জীবন মনে থাকবে এবং ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হতে পারে।’ বাংলাদেশ দল কঠিন এই সফরে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দেখানোর প্রত্যয় নিয়েই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে নামছে। আগামী ১৩ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ টেস্ট আগামী ২২ আগস্ট, সাউথ ম্যাকায়ে।