× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিব সিদ্ধান্ত জানালেন, বিপিএল যা-তা, চেয়ার পেলে চেহারাই বদলে দেবো

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ২০:১১ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ২০:৪৪ পিএম

সাকিব আল হাসান। ফাইল ছবি

সাকিব আল হাসান। ফাইল ছবি

একদিন পরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম। তার ঠিক আগে বিপিএলকে রীতিমতো শূলে চড়িয়ে দিয়েছেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। তার চোখে বিপিএলে রীতিমতো ‘যা-তা’ অবস্থা, যা প্রতিযোগিতাটিকে পিছিয়ে দিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ থেকেও! তবে তিনি জানালেন, দায়িত্ব পেলে রাতারাতিই বদলে দিতে পারতেন এই প্রতিযোগিতাকে।

এবারের বিপিএলে সাকিব খেলছেন ফরচুন বরিশালের হয়ে। বিপিএলে এই ফ্র্যাঞ্চাইজির মালিক গালফ অয়েল। সাকিব তারই ব্র্যান্ড অ্যাম্বাসাডর। গতকাল বুধবার এক দিনের জন্য প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হয়ে বসেছিলেন প্রতিষ্ঠানটির অফিসে। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন এই প্রতিক্রিয়া।

বিপিএল আয়োজন করা হবে এবার, এটা বিসিবি জানিয়ে দিয়েছিল আগেই। তবে বিপিএল শুরুর কয়েক দিন আগে থেকে দেখা যাচ্ছে আয়োজনে তাড়াহুড়োর ছাপ, মিলছে অব্যবস্থাপনার দেখাও। ডিসিশন রিভিউ সিস্টেম নেই, খেলোয়াড়দের কে আসছেন, কবে আসছেন, তার কোনো ঠিক ঠিকানা নেই, দলগুলোর অধিনায়ক কে, সে প্রশ্নের উত্তরও মিলছে না টুর্নামেন্টের দুদিন আগে এসে!

তবে সাকিব জানালেন, নিজে দায়িত্ব পেলে এমনটা হতে দিতেন না। বললেন, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয়, আমার বেশি দিন লাগবে না। সব ঠিক করতে সর্বোচ্চ এক থেকে দুই মাস লাগবে।’

সে সুযোগ সাকিবের সামনে আসবে কি না, সে প্রশ্ন ভবিষ্যতের জন্যই তোলা থাক। বর্তমানে যে অবস্থা, সেটা কেমন ঠেকছে সাকিবের কাছে? বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক জানালেন, ‘একটা যা-তা অবস্থা। এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আরও ভালোভাবে হয়। কারণ আগে থেকেই দল গোছাতে পারে। আরও আগে থেকে জানে যে দলটা কী হচ্ছে এবং তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে।’ 

আইপিএল তো বটেই, পিএসএলেও দেখা যায় গ্যালারিভরা দর্শক। কিন্তু বিপিএলে এমন দৃশ্য বিরল। দেশের জনপ্রিয় খেলা ক্রিকেট, তবু এদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের এই অবস্থাৃ সাকিবের দৃষ্টিতে এটা বিপিএলেরই ব্যর্থতা।

তিনি বলেন, ‘গ্রামের এমন কোনো প্রত্যন্ত অঞ্চল দেখবেন না, যেখানে ক্রিকেট খেলা হচ্ছে না। এমন তো না যে জনপ্রিয়তা নেই। ১৬-২০ কোটি মানুষের একটা দেশে এত পছন্দের একটা খেলা, তার বাজারটা থাকবে না, এটা খুবই দুঃখজনক। মানে আমি অন্তত বিশ্বাস করি না।’

সাকিব বলেছিলেন, ২-৩ মাসেই পরিস্থিতিটা আমূলে বদলে দেওয়া সম্ভব। যদি গালফ অয়েলের মতো এক দিনের দায়িত্ব দেওয়া হয় তাকে? সাকিব বলিউডের ‘নায়ক’ সিনেমার উদাহরণ টেনে জানালেন, তাহলেও অনেক কিছুই করা সম্ভব। 

সেই সিনেমায় অনিল কাপুর এক দিনের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এক দিনেই দুর্নীতির মূলোৎপাটনে সফল হয়েছিলেন। সেটা এখনো করা সম্ভব। তিনি বলেন, ‘“নায়ক” সিনেমা তো দেখেছেন! এক দিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে সে সব করতে পারে।’ 

নিজের হাতে পুরো দায়িত্ব এলে কী করতেন, তারও একটা খসড়া জানালেন সাকিব। বললেন, ‘সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে, ফ্রি টাইমে (খেলোয়াড়দের) বিপিএল হবে, আধুনিক প্রযুক্তি থাকবে। সম্প্রচার ভালো থাকবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা