বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাহিদ রানা। ছবি: ক্রিকইনফো
ঢাকায় বসেও অস্ট্রেলিয়া সফর নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নাহিদ রানা। তরুণ এই পেসারের চোটে ছিটকে পড়া নিয়ে আক্ষেপ থামছেই না। তবে বাংলাদেশের হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করেন, নাহিদকে না পাওয়ার হতাশা ধরে রেখে লাভ নেই। বরং দায়িত্বটা এখন অন্য পেসারদেরই নিতে হবে।
মিরপুরে রবিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সাবেক জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ বলেন, নাহিদকে অস্ট্রেলিয়ার কন্ডিশনে দেখতে না পারাটা তার নিজের কাছেও বড় আক্ষেপের। তবে তিনি বিশ্বাস করেন, পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারলে বাংলাদেশের অন্য বোলাররাও কার্যকর হতে পারবেন।
সত্যি বলতে নাহিদ রানা থাকলে আমিও খুব রোমাঞ্চিত ছিলাম। কবে দেখব নাহিদ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের বাউন্সার মারছে, সেই অপেক্ষায় ছিলাম। কিন্তু যেহেতু সেটা হচ্ছে না, এখন হা-হুতাশ করে লাভ নেই। যারা আছে, তারা যদি একটু বুদ্ধি খাটিয়ে বল করতে পারে, তারাও অনেক ভালো করবে।
চোটের কারণে নাহিদ ইতোমধ্যে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতেই চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। পরে দেশে ফিরে আসবেন। অন্যদিকে তার সঙ্গে থাকা তাসকিন আহমেদ ডারউইনে দলের সঙ্গে যোগ দেবেন।
নাহিদকে হারানোর হতাশার মাঝেই স্বস্তির খবর লিটন দাসকে ঘিরে। চোটের কারণে প্রথমে তাকে স্কোয়াডে রাখা না হলেও প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে ওঠায় শেষ পর্যন্ত দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও প্রথম টেস্টে তার খেলা নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ায় পৌঁছে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সালাউদ্দিন অবশ্য মনে করেন, ম্যাচ ফিট থাকলে অভিজ্ঞ লিটনকে খেলানোই হবে যৌক্তিক সিদ্ধান্ত।
তার ভাষায়, টেস্ট ম্যাচে খুব বেশি হাই ইনটেনসিটির দৌড়ঝাঁপ থাকে না। উইকেটকিপার হিসেবে হয়তো তাকে ৮০-৯০ বার স্প্রিন্টও দিতে হবে না। যদি সে ব্যাটিং করতে পারে এবং উইকেটের মাঝে দৌড়ানো মোটামুটি ভালো থাকে, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ক্রিকেটারকে খেলানো উচিত।
গত ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে চোট পাওয়ার পর আর কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি লিটন। তবে ৫৪ টেস্টের অভিজ্ঞতা তাকে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করবে বলেই বিশ্বাস সালাউদ্দিনের।
তিনি বলেন, অভিজ্ঞতা কখনও হারিয়ে যায় না। ম্যাচ অনুশীলনের ঘাটতি থাকলেও আগেভাগে অস্ট্রেলিয়ায় যাওয়াটা লিটনের জন্য ইতিবাচক হবে। প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে তার জন্য আরও সুবিধা হবে। তবে বাস্তবতা হলো, মঙ্গলবার অস্ট্রেলিয়ায় পৌঁছানোর কথা থাকায় বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই কম।
যদি শেষ পর্যন্ত লিটন প্রথম টেস্ট খেলতে না পারেন, তাহলে বিকল্প হিসেবে রয়েছেন জাকের আলি। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা দারুণ হলেও পরে জায়গা হারানো এই ব্যাটসম্যানকে নিয়ে বেশ আশাবাদী সালাউদ্দিন।
তার মতে, জাকেরের সবচেয়ে বড় শক্তি কঠিন পরিস্থিতিতে লড়াই করার মানসিকতা।
জাকের অনেক লড়াকু ক্রিকেটার। মাঠে কীভাবে লড়াই করতে হয়, সেটা সে জানে। চার-পাঁচ উইকেট পড়ে গেলে বাংলাদেশের ব্যাটসম্যানদের বোলারদের নিয়ে খেলতে হয়। এই দায়িত্বটা সে ভালো বোঝে এবং বারবার প্রমাণও করেছে। ওই জায়গায় আমাদের এমন একজন ব্যাটসম্যানের প্রয়োজন আছে।
শুধু অস্ট্রেলিয়া সফর নয়, পুরো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েই আশাবাদী সালাউদ্দিন। তার বিশ্বাস, বিদেশের চার টেস্টে ভালো ফল করতে পারলে এবং দেশের মাঠের চারটি টেস্ট জিততে পারলে বাংলাদেশ পয়েন্ট তালিকার শীর্ষ তিনের মধ্যে জায়গা করে নিতে পারে।
তিনি বলেন, আমি টেস্ট দল নিয়ে সবসময় আশাবাদী। যারা টেস্ট খেলে, তারা নিজেদের দায়িত্ব ও লক্ষ্য সম্পর্কে সচেতন। বাইরে চারটি টেস্টে ভালো করতে পারলে এবং দেশের চারটি টেস্ট জিততে পারলে আমরা শীর্ষ এক, দুই কিংবা তিনের মধ্যেও থাকতে পারব।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্টের পর অক্টোবরে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে আরও দুটি টেস্ট রয়েছে। আগামী বছরের মার্চে দেশের মাঠে ইংল্যান্ডের বিপক্ষেও দুটি টেস্ট খেলবে টাইগাররা।