× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমুদ্রেই থামল ফাতেনের স্বপ্ন, শোকে কাঁদছে মরক্কো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ০৯:৫৮ এএম

মরক্কোর উদীয়মান নারী ফুটবলার ফাতেন বেন আমার এল আজিজি। ছবি: মরক্কো ওয়ার্ল্ড নিউজ

মরক্কোর উদীয়মান নারী ফুটবলার ফাতেন বেন আমার এল আজিজি। ছবি: মরক্কো ওয়ার্ল্ড নিউজ

ফুটবল শুধু সাফল্য, ট্রফি কিংবা করতালির গল্প নয়; কখনও এটি অপূর্ণ স্বপ্ন, কঠিন বাস্তবতা আর গভীর বেদনারও প্রতিচ্ছবি। মরক্কোর উদীয়মান নারী ফুটবলার ফাতেন বেন আমার এল আজিজির জীবন ও মৃত্যু যেন সেই নির্মম বাস্তবতারই প্রতীক।

মাত্র ২০ বছর বয়সে পৃথিবীকে বিদায় বলতে হলো এই তরুণ মিডফিল্ডারকে। 

উন্নত জীবনের আশায় স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় পৌঁছানোর উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করেছিলেন তিনি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই উত্তাল সাগরের ঢেউয়ে হারিয়ে যায় তাঁর জীবনের সব স্বপ্ন।

আন্তর্জাতিক ও মরক্কোর বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সেউতার উদ্দেশে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ অতিক্রম করার সময় প্রবল স্রোতে ভেসে ডুবে মারা যান ফাতেন।

হাজারো অভিবাসনপ্রত্যাশী তরুণ-তরুণীর মতো তিনিও একটি নিরাপদ ও উন্নত ভবিষ্যতের আশায় জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়েছিলেন। কিন্তু সেই যাত্রার শেষ হয় মর্মান্তিক পরিণতিতে।

স্বপ্ন থামল সমুদ্রের ঢেউয়ে

ফাতেন ছিলেন মরক্কোর ক্লাব মাঘরেব অ্যাথলেটিক তেতুয়ান নারী দলের মিডফিল্ডার। এর আগে তিনি মরক্কো অ্যাথলেটিক ট্যাঞ্জিয়ারের হয়েও খেলেছেন।

প্রতিভাবান এই ফুটবলার দেশের নারী ফুটবলের সম্ভাবনাময় মুখ হিসেবে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছিলেন।

মাঠে তার নিষ্ঠা, শৃঙ্খলা ও পরিশ্রম কোচ, সতীর্থ এবং ক্লাব কর্মকর্তাদের প্রশংসা কুড়িয়েছিল। ভবিষ্যতে জাতীয় দলের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্নও লালন করছিলেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা।

ফাতেনের মৃত্যুর পর এক শোকবার্তায় মাঘরেব অ্যাথলেটিক তেতুয়ান জানায়, তিনি খ্যাতি বা রোমাঞ্চের খোঁজে বিপজ্জনক যাত্রায় নামেননি। তার একমাত্র লক্ষ্য ছিল একটি নিরাপদ ভবিষ্যৎ গড়া, পরিবারকে ভালো রাখা এবং নতুন করে জীবন শুরু করা। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি।

শোকে স্তব্ধ মরক্কোর ফুটবল

ফাতেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মরক্কোর ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সতীর্থ, কোচ, সাবেক সহখেলোয়াড় এবং অসংখ্য ফুটবলপ্রেমী সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করেছেন।

তাদের ভাষ্য, ফাতেন ছিলেন বিনয়ী, পরিশ্রমী এবং স্বপ্নবাজ একজন মানুষ। অল্প সময়েই তিনি নিজের ব্যক্তিত্ব ও খেলোয়াড়ি মানসিকতা দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

মরক্কোর পেশাদার ফুটবলার ইউনিয়নও গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে সংগঠনটি ফাতেনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে পাশে থাকার অঙ্গীকার করেছে এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।

অভিবাসনের নির্মম বাস্তবতা

ফাতেনের মৃত্যু শুধু একজন ফুটবলারের অকাল প্রয়াণ নয়, অনিয়মিত অভিবাসনের ভয়াবহ বাস্তবতারও এক করুণ প্রতিচ্ছবি।

প্রতিবছর উন্নত জীবনের আশায় অসংখ্য মানুষ ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। কেউ নিরাপদে পৌঁছান, আবার অনেকে হারিয়ে যান সাগরের অতল গহ্বরে।

সেই দীর্ঘ শোকের তালিকায় এবার যুক্ত হলো মরক্কোর সম্ভাবনাময় নারী ফুটবলার ফাতেন বেন আমার এল আজিজির নাম।

যে স্বপ্ন একদিন হয়তো তাকে বড় মঞ্চে নিয়ে যেতে পারত, সেই স্বপ্নই শেষ পর্যন্ত হারিয়ে গেল সমুদ্রের নোনাজলে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা