বিশ্বকাপ ফাইনালে হাতাহাতি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৮:০৪ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৬ ১৮:০৬ পিএম
গত ১৯ জুলাই ফাইনালের শেষ বাঁশি বাজতেই কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে দীর্ঘ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।
ফিফার চলমান তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে অন্তত ৯ ম্যাচের নিষেধাজ্ঞা আসতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে সেই শাস্তি এড়ানোর সুযোগও থাকতে পারে।
গত ১৯ জুলাই নিউ জার্সির ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ বাঁশি বাজতেই কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, পারেদেস স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়াকে লাথি মারেন এবং গলা চেপে ধরেন। পরে মিডফিল্ডার গাভিকেও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ ওঠে।
ওই ঘটনায় নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা এবং আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার নামও উঠে এসেছে।
ম্যাচে ধারাভাষ্য দিতে গিয়ে ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালান শিয়ারার এই আচরণের তীব্র সমালোচনা করেন। তার মতে, পরাজয়ের হতাশা থাকলেও এমন সহিংস প্রতিক্রিয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই।
প্রাথমিকভাবে খবর ছড়িয়েছিল, ম্যাচ শেষে রেফারি স্লাভকো ভিনচিচ পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখিয়েছেন। পরে অবশ্য জানা যায়, মাঠে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে ঘটনার ভিডিও ও ম্যাচ কমিশনারের প্রতিবেদনের ভিত্তিতে ফিফা আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর জানিয়েছে, ফিফার আচরণবিধির ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সহিংস আচরণের প্রতিটি অভিযোগের জন্য ন্যূনতম তিন ম্যাচ নিষেধাজ্ঞা হতে পারে। পারেদেসের বিরুদ্ধে যদি তিনটি পৃথক অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাকে অন্তত ৯ ম্যাচ আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করা হতে পারে।
তবে এখানেই রয়েছে একটি আইনি দিক। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে সাধারণভাবে জাতীয় দলের ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকর করার সুযোগ থাকে না। ফলে পারেদেস সেই পথ বেছে নিলে শাস্তি এড়াতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য ফিফা চাইলে আচরণবিধির ৭০ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে নিষেধাজ্ঞাকে সব ধরনের ফুটবলে কার্যকর করতে পারে। সে ক্ষেত্রে শুধু জাতীয় দল নয়, ক্লাব ফুটবল থেকেও নিষিদ্ধ হবেন পারেদেস। তবে এ ধরনের শাস্তি সাধারণত অত্যন্ত গুরুতর অপরাধের ক্ষেত্রেই দেওয়া হয়।