ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: স্কাই নিউজ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব প্রত্যাহার করেছেন।
ফিফার অভ্যন্তর থেকেই তীব্র বিরোধিতা, ইউরোপীয় দেশগুলোর বয়কটের হুমকি এবং বিশ্বজুড়ে সমালোচনার মুখে শেষ পর্যন্ত তিনি পরিকল্পনা থেকে সরে দাঁড়ান। শুক্রবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে ইনফান্তিনো জানান, ‘এই প্রস্তাব আর বাস্তবায়ন করা হবে না।’
তিনি বলেন, “সব পক্ষের মতামত মনোযোগ দিয়ে শোনার পর স্পষ্ট হয়েছে যে, এই প্রকল্প এমন বিভাজনের সৃষ্টি করেছে, যা সমর্থনের মাত্রা যাই হোক না কেন, প্রাথমিক উদ্দেশ্যের জন্য আর উপকারী নয়”।
বিবৃতিতে ইনফান্তিনো আরও বলেন, “আগামী দিন ও সপ্তাহগুলোতে ফুটবলের স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষকে আবারও আলোচনার টেবিলে আনতে চাই। আমাদের লক্ষ্য থাকবে বিশ্বের প্রতিটি দেশে, বিশেষ করে যেসব দেশের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, সেখানে ফুটবলের আরও উন্নয়ন নিশ্চিত করা”।
পরিকল্পনা প্রত্যাহারের এই সিদ্ধান্ত আসে ফিফার দুই শীর্ষ কর্মকর্তার প্রকাশ্য সমালোচনার পর। তাদের একজন সভাপতির উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন, আরেকজন অভিযোগ করেন, বিক্রির পরিকল্পনা নিয়ে ফিফার কর্মকর্তাদের অন্ধকারে রাখা হয়েছিল এবং প্রকল্পটি কোনোভাবেই এগিয়ে নেওয়া উচিত নয়।
হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সে ফিফার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা কার্লোস কর্দেইরো প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন। সাবেক গোল্ডম্যান স্যাকস ব্যাংকার কর্দেইরো বলেন, “ফিফা যখন বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির কথা বিবেচনা করছে, তখন আমি নীরব থাকতে পারি না”।
এর কয়েক ঘণ্টা পর ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুর অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক বিবৃতিতে বলেন, “এটি একজন ব্যক্তির প্রকল্প। শুধু এই পরিকল্পনা বাতিল করলেই হবে না, এখন ফুটবল প্রশাসনের নেতাদের নিজেদের সঠিক প্রশ্ন করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে”।
পরিকল্পনার বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থান নেয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সংস্থাটির ৫৫ সদস্য দেশ বৃহস্পতিবার ঘোষণা দেয়, প্রতিবাদস্বরূপ তারা বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কট করবে।
উয়েফার ভাষ্য, “কিছু বিষয় এতটাই গুরুত্বপূর্ণ যে সেগুলো কখনোই বিক্রির জন্য হতে পারে না”।
পরবর্তীতে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা (কনকাকাফ) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)ও এই পরিকল্পনার বিরোধিতা করে।
ইনফান্তিনোর প্রস্তাব অনুযায়ী, পুরুষ ও নারী বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপসহ ফিফার সব বাণিজ্যিক কার্যক্রম একটি ২০ বিলিয়ন ডলারের সহযোগী প্রতিষ্ঠানের অধীনে আনা হতো। ওই প্রতিষ্ঠানের ২০ শতাংশ মালিকানা থাকত বেসরকারি বিনিয়োগকারীদের হাতে।
আগামী ৫ সেপ্টেম্বর পোল্যান্ডে শুরু হবে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ। উয়েফার সদস্য দেশগুলো আগেই জানিয়েছিল, বিতর্কিত পরিকল্পনা বহাল থাকলে তারাও এই প্রতিযোগিতা বয়কট করবে।