সাফ চ্যাম্পিয়নশিপ গ্রুপিং ড্র
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ২১:২৬ পিএম
ভুটানের রাজধানী থিম্পুতে শনিবার টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে ‘এ’ গ্রুপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ছবি: সাফ
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে গ্রুপ পর্বে লড়তে হবে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে।
ভুটানের রাজধানী থিম্পুতে শনিবার টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে ‘এ’ গ্রুপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। সাফের রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন ভারত রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গী মালদ্বীপ ও পাকিস্তান।
ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে রাখা হয়নি নেপালের নাম। আপাতত ছয় দল নিয়ে হয়েছে ড্র।
ড্র অনুষ্ঠানে স্বাগতিক বাংলাদেশ ও র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারতকে রাখা হয়েছিল পৃথক দুটি পটে। তবে তাদের দেখা হয়ে যেতে পারে সেমিফাইনাল অথবা ফাইনালে।
তবে সাফ চায় নেপালের জন্য কিছুদিন অপেক্ষা করতে। সাফ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নেপালকে। এর মধ্যে যদি নিষেধাজ্ঞা উঠে যায়, তবে নেপাল খেলবে বাংলাদেশের গ্রুপে। স্বাগতিক দেশের খেলা বাড়ানোর জন্যই সাফ এ সিদ্ধান্ত নিয়েছে। নেপালের নিষেধাজ্ঞা যদি উঠে যায়, তবে বাংলাদেশের গ্রুপকে মোটেই সহজ বলা যাবে না।
সাফের আসরে সাম্প্রতিক বছরগুলোতে নেপালে ভুগতে হয়েছে বাংলাদেশকে। ২০২১ সাফে নেপালের সঙ্গে শেষ ম্যাচে ড্র করায় ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। তার আগের ২০১৮ সাফ অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়। গ্রুপের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও ভুটানকে হারানো বাংলাদেশ শেষ ম্যাচে নেপালের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছিল।
শ্রীলঙ্কাকেও এখন আর দুর্বল ভাবার সুযোগ নেই। বংশোদ্ভূত একঝাঁক ফুটবলারকে নিয়ে শ্রীলঙ্কা অনেক শক্তি বাড়িয়েছে। যার প্রভাব দেখা গেছে এশিয়ান কাপ বাছাই পর্বে। হামজা চৌধুরীদের ২৩ বছরের শিরোপা খরা ঘোঁচাতে তাই শুরু থেকেই পরীক্ষা দিতে হবে। ৪ নভেম্বর ঢাকায় শুরু হবে এই টুর্নামেন্ট। ১৭ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে।