বিশ্বকাপ কুইজ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১৯:১০ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৬ ২০:২১ পিএম
বিশ্বকাপ কুইজ বিজয়ীদের সঙ্গে প্রতিদিনের বাংলাদেশ এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর উত্তেজনা শেষ হলেও এর রেশ এখনো রয়ে গেছে ফুটবলপ্রেমীদের মাঝে। সেই উন্মাদনাকে আরও স্মরণীয় করে রাখতে ইউএস-বাংলা এয়ারলাইনস ও প্রতিদিনের বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে আকর্ষণীয় পুরস্কার।
প্রতিদিনের বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত শনিবার বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, প্রকাশক কাউসার আহমেদ অপু, ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা, নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (পিআর) মো. কামরুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার ও কোচ হাসানুজ্জামান খান বাবলু। অনুষ্ঠানে প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরফাতুন নাবিলা।
বিশ্বকাপজুড়ে চলা এই কুইজ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক পাঠক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে স্বচ্ছ লটারির মাধ্যমে নির্বাচিত দুই বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রথম বিজয়ী মো. সাদ্দাম হোসেন মিয়াজী পেয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের সৌজন্যে ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন বিমান টিকিট। আর দ্বিতীয় বিজয়ী রোকেয়া আক্তার লাভ করেন ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে দম্পতির জন্য বিমান টিকিট।
পুরস্কার গ্রহণের পর সাদ্দাম হোসেন মিয়াজী রসিকতা করে ইউএস-বাংলার কাছে শুধু বিমান টিকিট নয়, ভ্রমণ ব্যয় বহনের অনুরোধ জানান। তার এ বক্তব্যে অনুষ্ঠানে হাস্যরসের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সম্পাদক মারুফ কামাল খান বলেন, “এই আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। পাঠকদের সম্পৃক্ত করে এমন সৃজনশীল উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে”।

প্রকাশক কাউসার আহমেদ অপু বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, “ইউএস-বাংলা এয়ারলাইনসকে এই আয়োজনে সহযোগিতার জন্য ধন্যবাদ। ভবিষ্যতেও পাঠককেন্দ্রিক এমন উদ্যোগে আমরা আরও বড় পরিসরে কাজ করতে চাই”।
ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (পিআর) মো. কামরুল ইসলাম বলেন, “বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন উদ্যোগের সঙ্গে ইউএস-বাংলা যুক্ত ছিল। প্রতিদিনের বাংলাদেশের এই ব্যতিক্রমী আয়োজনে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও খেলাধুলাসহ ইতিবাচক সব আয়োজনে পাশে থাকার চেষ্টা করব”।
ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা বলেন, “সীমিত পরিসরেও সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে”।
অংশগ্রহণকারী পাঠক, আয়োজক দল এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান তিনি।
বিশেষ অতিথি হাসানুজ্জামান খান বাবলু বলেন, “বিশ্বকাপকে ঘিরে এ ধরনের আয়োজন ফুটবলপ্রেমীদের আরও কাছাকাছি নিয়ে আসে। প্রতিদিনের বাংলাদেশের আমন্ত্রণে অংশ নিতে পেরে আমি আনন্দিত”।
অনুষ্ঠানের শেষপর্বে নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু বলেন, “প্রিন্ট ও অনলাইন—দুই মাধ্যমেই পাঠকদের অংশগ্রহণ প্রত্যাশার চেয়ে বেশি ছিল। এই সাড়া ভবিষ্যতে আরও বড়, সৃজনশীল ও ব্যতিক্রমী আয়োজন করতে আমাদের উৎসাহিত করবে”।
বিশ্বকাপের আবেগকে পাঠকের অংশগ্রহণ, আনন্দ ও পুরস্কারের মাধ্যমে আরও প্রাণবন্ত করে তোলা এই আয়োজন শেষ হলেও ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন উদ্যোগের প্রত্যাশা জানিয়েছেন আয়োজক ও অতিথিরা।