ব্রাজিল ফুটবল দল। ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো ভারতের বিপক্ষে খেলতে কলকাতা আসছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী ৩ অক্টোবর এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ব্লকবাস্টার ম্যাচের ঘোষণা দিয়েছে।
এই ম্যাচের মাধ্যমে ভারতীয় ফুটবল ইতিহাসে এক অনন্য অধ্যায় যোগ হতে চলেছে।
১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে এটিই হতে চলেছে ভারতের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উপ-মহাসচিব এম সত্যনারায়ণ বলেন, “ব্রাজিলের মতো একটি দেশকে আমাদের দেশে স্বাগত জানানো অত্যন্ত গর্বের বিষয়। এটি ভারতীয় ফুটবলের ইতিহাসে নিশ্চিতভাবেই একটি মাইলফলক হয়ে থাকবে।”
জাতীয় দলের পরিচালক সুব্রত পাল এই ম্যাচটিকে দেখছেন বড় সুযোগ হিসেবে। তিনি বলেন, “আমাদের খেলোয়াড়দের জন্য এটি কেবলই আরেকটি ম্যাচ নয়। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একটি দলের বিরুদ্ধে নিজেদের ঝালিয়ে নেওয়ার এবং বড় স্বপ্ন দেখার এটি এক দুর্লভ সুযোগ।”
এর আগে ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলে ভারতে আসবে ব্রাজিল দল। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের ফিফা উইন্ডোতে সেলেসাওদের তৃতীয় ম্যাচটি হবে কলকাতার মাটিতেই।