প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ২২:৫২ পিএম
ফিফার বাণিজ্যিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইউরোপীয় ফুটবল। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে নতুন প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির প্রস্তাবের প্রতিবাদে আসন্ন ফিফা বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে উয়েফার সদস্য দেশগুলো।
অনুষ্ঠিত উয়েফার ৫৫টি সদস্য ফুটবল সংস্থার ভার্চুয়াল সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও দ্য অ্যাথলেটিকসহ একাধিক গণমাধ্যম।
সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
‘ফিফা ফরোয়ার্ড
এন্টারপ্রাইজ’ নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব
দেন। এই প্রতিষ্ঠানের অধীনে ফিফার বাণিজ্যিক স্বত্ব, সম্প্রচার অধিকার, বিপণন কার্যক্রম
এবং বিভিন্ন টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব একীভূত করার পরিকল্পনা রয়েছে।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, প্রায় দুই
হাজার কোটি ডলার মূল্যায়নের এই প্রতিষ্ঠানের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে
বিক্রি করে প্রায় চারশ বিশ কোটি ডলার সংগ্রহ করা হবে। সম্ভাব্য বিনিয়োগকারীদের তালিকায়
মার্কিন উদ্যোক্তা জশুয়া কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠানের নামও উঠে এসেছে।
তবে শুরু থেকেই এই উদ্যোগের বিরোধিতা
করে আসছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির দাবি, ফুটবলের বাণিজ্যিক মূল্য
থাকলেও এর পরিচালনা ও নিয়ন্ত্রণ কোনোভাবেই বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া উচিত
নয়। তাদের ভাষায়, ‘ফুটবলের আত্মা ও পরিচালনা ব্যবস্থা
বিক্রির পণ্য নয়।’
এই অবস্থান থেকেই সদস্য দেশগুলো বিশ্বকাপ
বয়কটের পক্ষে মত দিয়েছে। উয়েফার এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ফিফার পরবর্তী দুটি
বিশ্বকাপই বড় ধরনের সংকটে পড়তে পারে।
সূচি অনুযায়ী আগামী গ্রীষ্মে ব্রাজিলে
অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। এরপর ২০৩০ সালে স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে আয়োজন
করবে পুরুষদের বিশ্বকাপ। ইউরোপের দেশগুলো অংশগ্রহণ না করলে এই দুই আসরের প্রতিযোগিতামূলক
মান, বাণিজ্যিক মূল্য এবং দর্শক আগ্রহ- সব ক্ষেত্রেই
বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
যদিও ফিফার প্রস্তাব এখনো সদস্য দেশগুলোর
আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তবুও উয়েফার বয়কটের সিদ্ধান্তকে ফিফার ওপর
নজিরবিহীন চাপ হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে আগামী কয়েক সপ্তাহে দুই সংস্থার মধ্যে
নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ব ফুটবলের দুই প্রভাবশালী সংস্থার এই বিরোধ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেটিই এখন ক্রীড়াঙ্গনের অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।