এশিয়ান গেমস হকি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ২২:২৭ পিএম
রাসেল মাহমুদ জিমি
বাংলায় দুটি প্রবাদ আছে। একটি হচ্ছে ‘সবুরে মেওয়া ফলে।’ আরেকটি হচ্ছে ‘সত্যের জয় হবেই।’ বাংলাদেশের কিংবদন্তি হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমির বেলায় এই দুটি প্রবাদই ফলেছে। দীর্ঘ প্রতীক্ষা-বঞ্চনার শিকার জিমি অবশেষে আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন।
১৭ মাস আগে বয়সের অজুহাতে জিমিকে জাতীয় দল থেকে বাদ দিয়েছিল তখনকার হকি ফেডারেশনের অ্যাডহক কমিটি। অথচ বিস্ময়করভাবে মাঠের পারফরম্যান্স, ফিটনেস কোনোটাতেই ঘাটতি ছিল না তার। বরং ২০২৪ সালে অনুষ্ঠিত ঢাকার প্রিমিয়ার হকি লিগে মোহামেডানের জার্সিতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন তিনি।
গত বছর এপ্রিলে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে দল গঠনের লক্ষ্যে ২০ ফেব্রুয়ারি মওলানা ভাসানী স্টেডিয়ামে খেলোয়াড়দের কুপার টেস্টে ডেকেছিল ফেডারেশন। কিন্তু সেই তালিকায় রাখা হয়নি জিমিকে! বরং খরচের খাতায় ফেলে দেওয়া হয়েছিল অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে।
সে ক্ষেত্রে ফেডারেশন একটি অবিশ্বাস্য ও হাস্যকর অজুহাত দিয়েছিল, ‘৩৫ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে না!’ কিন্তু জিমি প্রমাণ করেছেন, ফর্ম-ফিটনেস ঠিক থাকলে বয়স কোনো ব্যাপারই নয়। কিন্তু তৎকালীন ফেডারেশন ‘সুযোগ্য’ ও ‘বিচক্ষণ’ কর্তারা এই সত্যটি উপলব্ধি করার চেষ্টা করেননি। তখন অনেকেই বলেছিলেন, বয়স-টয়স কোনো ফ্যাক্টর নয়, জিমিকে বাদ দেওয়া হয়েছে সম্পূর্ণ প্রতিহিংসামূলক কারণে, যাতে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়।
আগামী এশিয়ান গেমস সামনে রেখে বাংলাদেশ হকি ফেডারেশনের অধীনে চলমান জাতীয় হকি ক্যাম্পে নতুন করে জিমিসহ ৬ খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফেডারেশনের নবগঠিত সিলেকশন কমিটি (তিন সদস্যের নির্বাচক কমিটিতে আছেন ফেডারেশনের সহসভাপতি সাজেদ আদেল, যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স ও সদস্য মাহবুব হারুন)।
দায়িত্ব গ্রহণের পর প্রথম সিদ্ধান্ত হিসেবে এই খেলোয়াড়দের ক্যাম্পে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাম্পে নতুন করে ডাক পাওয়া অন্য খেলোয়াড়রা হলেন— আবু সাঈদ নিপ্পন, নাইম উদ্দিন, মো. শিশির, পুস্পর খিসা মিমো এবং শহীদুল হক সৈকত।
বৃহস্পতিবার হকি ফেডারেশনের এক জরুরি সভায় নতুন সিলেকশন কমিটির সদস্যরা এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক ও মর্যাদাপূর্ণ মঞ্চে দেশের জন্য সেরা ফলাফল বয়ে আনতেই মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে এই খেলোয়াড়দের দলে যুক্ত করা হয়েছে।
নতুন অন্তর্ভুক্তি চলমান ক্যাম্পের প্রতিদ্বন্দ্বিতা ও খেলোয়াড়দের মনোবল আরও বাড়িয়ে
তুলবে বলে আশা করছে ফেডারেশন। আজ থেকেই এই ৬ খেলোয়াড় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে
চলমান অফিসিয়াল ক্যাম্পে যোগ দেবেন এবং এশিয়ান গেমসের চূড়ান্ত দল গঠনের লক্ষ্যে বাকি
খেলোয়াড়দের সাথে প্রস্তুতি গ্রহণ করবেন। বাংলাদেশ হকি ফেডারেশন আশা প্রকাশ করছে যে,
সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের এই মেলবন্ধন এশিয়ান গেমসে বাংলাদেশকে একটি শক্তিশালী দল
হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
১৭ মাস আগে দল থেকে অন্যায়ভাবে বাদ পড়ে প্রথমে বিস্মিত ও পরে ক্ষুব্ধ হয়েছিলেন
জিমি। বলেছিলেন, ‘এটা বিরাট অন্যায়। আমি দলে খেলার যোগ্য কি না, সেটা যাচাইয়ের জন্য
অন্তত ফিটনেস টেস্টের সুযোগ দেওয়া উচিত ছিল। তা-ও দেওয়া হয়নি। এর চেয়ে বড় অন্যায় আর
হতে পারে না।’
ফের জাতীয় দলে ডাক পেয়ে জিমির অনুভূতি, ‘ফেডারেশনে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে
আমাকে ক্যাম্পে ডাকার। আগের কমিটি আমাকে অন্যায়ভাবে বাদ দিয়েছিল। নতুন কমিটি ন্যায়বিচার
দিচ্ছে আমাকে। আমিও ঠিক করেছি ক্যাম্পে যাব। এরপর কোচ যদি যোগ্য মনে করেন, চূড়ান্ত
স্কোয়াডে রাখবেন। অন্তত নিজেকে প্রমাণের সুযোগ তো পাচ্ছি, এটাই দারুণ খবর।’
২০০৩ সালে যাত্রা শুরু করা ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের বর্তমানে আন্তর্জাতিক
ম্যাচ সংখ্যা ১৯৪টি। অন্তত ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার ইচ্ছা তার। সর্বশেষ আন্তর্জাতিক
ম্যাচ খেলেন ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে। জিমি বলেন, ‘এবারও এশিয়ান গেমসের চূড়ান্ত
দলে সুযোগ পেলে এটাই হবে আমার ক্যারিয়ারের শেষ এশিয়ান গেমস।’