× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাদের অধ্যায় শেষ করে দিলেন আনচেলত্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ২২:১২ পিএম

যাদের অধ্যায় শেষ করে দিলেন আনচেলত্তি

স্বপ্ন ছিল ২০২৬ বিশ্বকাপ জয়। কিন্তু শেষ ষোলোতে বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। সেই হতাশা পাশে রেখে ভবিষ্যতের দিকে তাকাতে শুরু করেছে ব্রাজিল। হেক্সা জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার পর জাতীয় দলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার পরিকল্পনায় আর জায়গা পাচ্ছেন না অভিজ্ঞ তিন ফুটবলারÑ নেইমার জুনিয়র, দানিলো ও কাসেমিরো।

বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে হেরে বিদায়ের ২৪ দিন পর ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রথম বছরের মূল্যায়ন করেন ইতালিয়ান এই কোচ। সেখানে বিশ্বকাপে কৌশলগত ভুলের কথাও অকপটে স্বীকার করেন তিনি।

আনচেলত্তি বলেন, ‘এই বিশ্বকাপের মাধ্যমে ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের সমাপ্তি ঘটেছে। নেইমার, দানিলো ও কাসেমিরোর মতো ৩০ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের সময় শেষ হয়েছে।’

এরই মধ্যে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন নেইমার। যদিও ৩৫ বছর বয়সী দানিলো এবং ৩৪ বছর বয়সী কাসেমিরো এখনও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি। তবে আনচেলত্তির বক্তব্যে স্পষ্ট, ভবিষ্যৎ পরিকল্পনায় তাদের আর দেখা যাচ্ছে না।

ব্রাজিল কোচের দৃষ্টি এখন ২০২৮ সালের কোপা আমেরিকার দিকে। তার লক্ষ্য, সেই আসরকে সামনে রেখে একটি তরুণ, প্রতিযোগিতামূলক ও গতিময় দল গড়ে তোলা। তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ২০২৮ সালের কোপা আমেরিকা। এমন নতুন খেলোয়াড় খুঁজে বের করতে চাই, যারা দ্রুত জাতীয় দলে মানিয়ে নিয়ে প্রতিদ্বন্দ্বিতার শক্তি বাড়াবে।’

তবে পুরো দল একসঙ্গে বদলে ফেলার পক্ষপাতী নন আনচেলত্তি। তার মতে, নতুনদের পাশে কিছু অভিজ্ঞ ফুটবলারের উপস্থিতিও জরুরি। সে কারণেই মারকিনিওসের মতো অভিজ্ঞদের দলে রেখে ভারসাম্য বজায় রাখতে চান তিনি।

বিশ্বকাপ-পরবর্তী সেপ্টেম্বর ও অক্টোবরের ফিফা উইন্ডোতে ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেলবে। ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে টাউন্সভিল ও ব্রিসবেনে দুটি ম্যাচ খেলবে সেলেসাওরা। এরপর ৩ অক্টোবর ভারতে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। এই ম্যাচগুলোতে নতুন মুখদের পরীক্ষা করে দেখার পরিকল্পনা রয়েছে কোচের।

বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে হারের বিশ্লেষণ করতে গিয়ে আনচেলত্তি বলেন, হাইড্রেশন বিরতির পর দলের কাঠামো বদলে ফেলাই ছিল তার সবচেয়ে বড় ভুল। এতে দল ম্যাচের নিয়ন্ত্রণ হারায়। পরে নেইমারকে নামিয়ে পরিস্থিতি বদলানোর চেষ্টা করলেও তাতে কাঙ্ক্ষিত ফল আসেনি।

ব্রাজিলের খেলার ধরন নিয়েও নিজের দর্শন তুলে ধরেছেন আনচেলত্তি। তার মতে, ভিনিসিউস জুনিয়র, এনড্রিক, এস্তেভাও ও রাফিনিয়ার মতো দ্রুতগতির আক্রমণভাগ থাকলে বলের দখল ধরে রাখার চেয়ে সরাসরি ও গতিময় ফুটবল খেলাই বেশি কার্যকর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা