× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরাজকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক লিটন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ২১:৫৬ পিএম

লিটন দাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লিটন দাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে লিটন দাসের ওপর আস্থা রাখল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

একই সঙ্গে দেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে বহুল প্রতীক্ষিত এক্সিলেন্স সেন্টার নির্মাণের কাজ দ্রুত শুরু করার ঘোষণা দিয়েছে বোর্ড।

অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভা শেষে বুধবার এসব সিদ্ধান্ত জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। 

সভা শেষে বিসিবির প্রধান তামিম বলেন, “বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই নেতৃত্ব কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। বোর্ড এখন তিন ফরম্যাটে তিন অধিনায়কের পরিবর্তে দুই অধিনায়কের নীতিতে বিশ্বাসী। সে অনুযায়ী লিটন দাস সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) নেতৃত্বে থাকবেন এবং টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন নাজমুল হোসেন শান্ত”। 

লিটনকে দায়িত্ব দেওয়ার কারণ ব্যাখ্যা করে তামিম বলেন, “তার নেতৃত্বগুণ, দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়ার পারফরম্যান্স বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সাদা বলের দলের সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে”।

মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়ে বিসিবি সভাপতি বলেন, “এটি কোনোভাবেই তার প্রতি অসম্মান নয়। বরং বোর্ড মনে করে, একজন ক্রিকেটার হিসেবে মিরাজকে আরও বেশি প্রয়োজন। গত পাঁচটি সিরিজের মধ্যে চারটিতে নেতৃত্ব দিয়ে সাফল্য পেলেও তার ব্যক্তিগত পারফরম্যান্সে আরও উন্নতির সুযোগ রয়েছে। বিশেষ করে বোলিংয়ে নিজের সেরা ছন্দে ফিরতে পারলে বাংলাদেশ আরও বেশি লাভবান হবে বলে মনে করছে বোর্ড”।

বিশ্বকাপের মাত্র এক বছর আগে অধিনায়ক পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠলেও তামিম জানান, মিরাজ, শান্ত এবং সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে মিরাজ আবারও নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন বলেও জানান তিনি। 

বোর্ড সভায় আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো এক্সিলেন্স সেন্টার নির্মাণ। তামিম বলেন, “আগের নকশা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না। তাই আন্তর্জাতিক প্রতিষ্ঠান পপুলাসকে নতুন করে নকশা তৈরির অনুরোধ করা হয়েছে। বিসিবির নিজস্ব অর্থায়নে এক্সিলেন্স সেন্টার নির্মাণ করা হবে, আর পূর্বাচল আন্তর্জাতিক স্টেডিয়ামের জন্য সরকারের সহযোগিতা নেওয়া হবে”। 

“আড়াই থেকে তিন বছরের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য রয়েছে। সেখানে আন্তর্জাতিক মানের ইনডোর সুবিধা, আধুনিক প্রশিক্ষণ অবকাঠামো এবং বিসিবির প্রশাসনিক কার্যালয় থাকবে। ২০৩১ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে এই প্রকল্প বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বড় মাইলফলক হবে বলে আশা করছে বোর্ড”, বলেন তামিম। 

মেডিক্যাল বিভাগ নিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তামিম। লিটন দাসের ইনজুরি ব্যবস্থাপনা নিয়ে সিলেক্টর ও মেডিক্যাল বিভাগের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই সঙ্গে রিহ্যাব ম্যানেজার হিসেবে মারিও ভিল্লাভারায়ানকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতাল নির্বাচন এবং এমআরআই রিপোর্টিং ব্যবস্থাও নতুন করে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

কোচ নিয়োগ প্রক্রিয়ায়ও বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিসিবি। জেলা ও বিভাগীয় পর্যায়ে কোচ নিয়োগে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে এবং কোনো ধরনের তদবির গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি।

তার মতে, ক্রিকেটের মান উন্নয়নে দক্ষ কোচ তৈরি করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। আসন্ন আন্তর্জাতিক সূচি নিয়েও কথা বলেন তামিম।

তিনি জানান, দীর্ঘ ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ, যা দলের জন্য বড় চ্যালেঞ্জ ও দারুণ সুযোগ। পাশাপাশি ভারত সিরিজ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা চলছে এবং বাংলাদেশ সফরে ভারতীয় দলের আসার ব্যাপারে তিনি আশাবাদী।

তবে বিপিএল নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তামিম বলেন, “শুধু আয়োজনের জন্য বিপিএল করা হবে না। পর্যাপ্ত প্রস্তুতি এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করেই ভবিষ্যতে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে”।

বিসিবির নতুন সিদ্ধান্তগুলোতে নেতৃত্ব, অবকাঠামো, চিকিৎসা ও কোচিং এই চার খাতকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। বোর্ডের আশা, এসব পদক্ষেপ বাংলাদেশের ক্রিকেটকে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা