× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৯:৩৭ পিএম

নেইমার জুনিয়র। ছবি: এ স্পোর্টস

নেইমার জুনিয়র। ছবি: এ স্পোর্টস

দীর্ঘ ১৬ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। 

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন তিনি। 

এর মধ্য দিয়ে ব্রাজিল ফুটবলের একটি গৌরবময় অধ্যায়েরও সমাপ্তি ঘটল। সান্তোসের হয়ে কোপা সুদামেরিকানার নকআউট প্লে-অফের দ্বিতীয় লেগে ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

আবেগাপ্লুত কণ্ঠে নেইমার বলেন, “জাতীয় দলের সঙ্গে আমার পথচলা এখানেই শেষ। এই জার্সি গায়ে আমি ইতিহাস গড়েছি, অসংখ্য স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছি। দেশের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি। রক্ত, ঘাম, জীবন সবকিছু দিয়েই লড়েছি। কিন্তু এখনই সময় থেমে যাওয়ার।”

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচেই ব্রাজিলের হয়ে শেষবারের মতো মাঠে নামেন নেইমার। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে সেই ম্যাচে যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। তবে তার সেই গোল ব্রাজিলকে হার এড়াতে পারেনি। ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই অশ্রুসিক্ত হয়ে পড়েন নেইমার। মাঠে তার কান্নার সেই দৃশ্য কোটি ব্রাজিল সমর্থকের হৃদয়েও নাড়া দেয়।

২০১০ সালে সিনিয়র জাতীয় দলে অভিষেকের পর এক যুগেরও বেশি সময় ব্রাজিলের আক্রমণভাগের প্রাণভোমরা ছিলেন নেইমার। জাতীয় দলের হয়ে ৮০ গোল করে তিনি ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন, পেছনে ফেলেন কিংবদন্তি পেলের ৭৭ গোলের রেকর্ড।

ব্রাজিলের হয়ে চারটি বিশ্বকাপ, একাধিক কোপা আমেরিকা, ফিফা কনফেডারেশনস কাপ এবং অলিম্পিক গেমসে প্রতিনিধিত্ব করেছেন নেইমার। ২০১৩ সালে কনফেডারেশনস কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি অধিনায়ক হিসেবে ২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিলকে প্রথমবারের মতো পুরুষদের ফুটবলে স্বর্ণপদক এনে দিয়ে ইতিহাস গড়েন।

তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে ইনজুরি ছিল তার সবচেয়ে বড় প্রতিপক্ষ। ২০২৬ বিশ্বকাপের আগে সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফ মাংসপেশিতে চোট পাওয়ায় টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। পরে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। নরওয়ের বিপক্ষে করা পেনাল্টি গোলটিই শেষ পর্যন্ত তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোল হয়ে রইল।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা