জিনেদিন জিদান। ছবি: সিএনএন
ফ্রান্সের জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি জিনেদিন জিদান। ৫৪ বছর বয়সী এই ফরাসি কিংবদন্তি দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হয়েছেন। প্রায় পাঁচ বছরের বিরতির পর আবারও কোচিংয়ে ফিরলেন তিনি।
ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) আনুষ্ঠানিকভাবে জিদানের নিয়োগের ঘোষণা দিয়েছে। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে এটিই তার প্রথম দায়িত্ব। যদিও খেলোয়াড় ও ক্লাব কোচ-উভয় পরিচয়েই তিনি ইতোমধ্যে ফুটবল ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন।
ফ্রান্সের ২০২৬ বিশ্বকাপ অভিযান সেমিফাইনালেই থেমে যায়। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পেনের কাছে ২-০ গোলে হারের পর দায়িত্ব ছাড়েন দীর্ঘদিনের সফল কোচ দিদিয়ের দেশম। এরপর থেকেই জিদানের নাম সবচেয়ে জোরালোভাবে আলোচনায় ছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে তার হাতেই জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হলো।
নতুন কোচ হিসেবে জিদানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জাতীয় দলে প্রজন্ম পরিবর্তনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করা। পাশাপাশি তার মূল লক্ষ্য থাকবে ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০৩০ সালের ফিফা বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপার লড়াইয়ে নিয়ে যাওয়া।
২০২১ সালের জুনে দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে কোচিংয়ের বাইরে ছিলেন জিদান। দীর্ঘ এই বিরতির পর জাতীয় দলের দায়িত্ব নিয়ে আবারও ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ফিরলেন তিনি।
কোচ হিসেবে জিদানের অর্জন ঈর্ষণীয়। রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের বিরল কীর্তি গড়েন তিনি। এ ছাড়া দুটি লা লিগা শিরোপা, দুটি উয়েফা সুপার কাপ, দুটি ক্লাব বিশ্বকাপসহ মোট ১১টি ট্রফি জিতেছেন স্প্যানিশ ক্লাবটির হয়ে।
খেলোয়াড়ি জীবনেও জিদান ছিলেন ফরাসি ফুটবলের অন্যতম সেরা তারকা। জাতীয় দলের হয়ে ১০৮টি ম্যাচ খেলেছেন তিনি। তার নেতৃত্বেই ১৯৯৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ফ্রান্স। এরপর ২০০০ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছিল লে ব্লু।
এবার সেই কিংবদন্তির কাঁধেই উঠেছে ফরাসি ফুটবলের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব। সমর্থকদের প্রত্যাশা, খেলোয়াড় হিসেবে যেভাবে দেশকে বিশ্বসেরা করেছিলেন, কোচ হিসেবেও তেমনি নতুন সাফল্যের পথে এগিয়ে নেবেন ফ্রান্সকে।